
নেত্রকোনার মহাদেও নদ থেকে থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবি জানিয়েছে ‘বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনসমূহের ঐক্য পরিষদ’ (ইউসিজিএম)। একই সঙ্গে টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে সংরক্ষিত বন ঘোষণার বিরুদ্ধে উচ্চ আদালতের রিট পিটিশন দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ইউসিজিএমের সভাপতি অজয় এ. মৃ বলেন, বন বিভাগ টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে সুফল উন্নয়ন প্রকল্পের মাধ্যেম সেখানে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠী জনগণকে উচ্ছেদের পাঁয়তারা ররছে। ক্ষুদ্র জাতিসত্তার জনগণের সঙ্গে কোনো কথা না বলেই প্রকল্প নেওয়া হচ্ছ। অজয়. এ মৃ দাবি করেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাসরত এলাকায় সরকারি উন্নয়ন প্রকল্প তৈরির আগে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের সঙ্গে সুস্পষ্ট আলোচনা করে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য দেন ইউসিজিএমের মহাসচিব অরন্য ই. চিরান। তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) মাধ্যমে তাঁরা মধুপুর অঞ্চলের সংরক্ষিত বন ঘোষণা বাতিলের উচ্চ আদালতে রিট করেছেন। উচ্চ আদালত ২০১৯ সালে বন বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে রিট পিটিশন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে নেত্রকোনার কলমাকান্দার বিশাউদি গ্রামের বাসিন্দা বাবুল নাফাক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বাড়িঘরের কাছে মহাদেও নদ থেকে বালু ও পাথর উত্তোলনের ঘটনা তুলে ধরেন। বাবুল নাফাক বলেন, তাঁদের গ্রাম থেকে ৪ কিলোমিটার দূরে বালু তোলার জন্য ইজারা দেওয়া হলেও ইজারাদারেরা সেই নির্দেশ মানছেন না।
বালু উত্তোলনের কারণে পাঁচ গ্রামের মানুষ নদভাঙনের হুমকিতে বলে উল্লেখ করেন কয়েকজন বক্তা। তাঁদের অভিযোগ, ৫০–৬০ ফুট খনন করে বালু তোলা হচ্ছে। এ নিয়ে ২০২১ সালে হাইকোর্টে রিট করা হয়েছিল। হাইকোর্ট বালু ও পাথর উত্তোলনে আদেশও দিয়েছিলেন। কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইলের মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, আদিবাসী আইনজীবী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীনেশ দারু, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের সভাপতি রমেশ কুমার কোচ প্রমুখ বক্তব্য দেন।