রংপুর ও খুলনা

‘বিতর্কচর্চায় শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ে’

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানে খুলনায় অনুষ্ঠিত হলো প্রথম আলো-পুষ্টি আঞ্চলিক বিতর্ক উৎসব। উৎসবে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। গতকাল খুলনা পাবলিক কলেজে
ছবি: প্রথম আলো

তর্কবিতর্ক, যুক্তি খণ্ডনের মাধ্যমে বিতর্ক করতে গিয়ে শিক্ষার্থীদের অনেক জ্ঞানের চর্চা করতে হয়। তাই তো সাধারণ শিক্ষার্থীদের চেয়ে বিতার্কিকদের জ্ঞানের পরিধি অনেক বেশি। গতকাল শুক্রবার রংপুরে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সকাল ৯টায় রংপুরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ে উদ্বোধন করেন রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। এতে রংপুর, নীলফামারী ও লালমনিরহাটের ১৩টি বিদ্যালয় অংশ নেয়। শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক স্কুলের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, পুষ্টির আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক রইস উদ্দিন ও সাংবাদিক আরিফুল হক। আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মিফতাহুজ্জান্নাত আমরিন। মাদকের কুফল নিয়ে আলোচনা করেন দ্য মিলিনিয়াম স্টারস স্কুল ও কলেজের শিক্ষক মারুফ হোসেন।

এদিকে খুলনায় প্রথম আলো-পুষ্টি আঞ্চলিক বিতর্ক উৎসব সকাল সাড়ে ৯টায় খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়। উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।

রংপুরে চাম্পিয়ন হয়েছে রংপুর পুলিশ লাইনস স্কুল ও কলেজ ও রানার্সআপ রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ। চাম্পিয়ন দলের চার বিতার্কিক হলো শাহ মুহাম্মদ রাকিব, মিশকাতুল মাশরাফি, সাজিয়া আফরিন ও মাহজাবিন সরকার এবং রানার্সআপ দলের চার বিতার্কিক হলো ইনতিশার আলম, রাইসা রিশা, নুযহাত আফরিন ও নুরাইন ইবনাৎ। বারোয়ারি বিতর্কে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী নুর আলম সামিন। নিম্নœমাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে আবিদ হানিফ ফাইয়াজ, জাহিন তাবাসসুম ও এস এম সাফায়েতুল কবির এবং মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে শ্রাবণ সরকার, মুস্তাকিম মাহদী ও জান্নাতী ইসলাম।

ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নেবে রংপুর অঞ্চলের বিতর্কের চাম্পিয়ন দল, বারোয়ারি বিতর্কে সেরাদের সেরা এবং মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে ছয়জন কুইজ বিজয়ী। বিচারকের দায়িত্ব পালন করেন রবীন্দ্রগবেষক শাশ্বত ভট্টাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন তুহিন ওয়াদুদ, কলেজশিক্ষক নাসিমা আক্তার, সাবেক বিতার্কিক সৈকত রহিম ও সাবেক বিতার্কিক মিফতাহুজ্জান্নাত এবং মডারেটর ছিলেন কলেজশিক্ষক আজহারুল ইসলাম। সহযোগিতায় ছিল রংপুর বন্ধুসভার সদস্যরা।

খুলনায় বক্তব্য দেন খুলনা পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাসরিনা বেগম। মাদকের কুফল নিয়ে আলোচনা করেন কলেজশিক্ষক মঞ্জুর আলম তরফদার। শুভেচ্ছা বক্তব্য দেন সাংবাদিক শেখ আল-এহসান। উৎসবে খুলনা ও সাতক্ষীরার স্কুল পর্যায়ের ১০টি বিতার্কিক দল অংশ নেয়।

চূড়ান্ত পর্বের বিষয় ছিল ‘প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াশিক্ষা বাধ্যতামূলক করা উচিত।’ চূড়ান্ত পর্বে বিজয়ী হয়ে খুলনার আঞ্চলিক বিতর্ক উৎসবে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয় খুলনা পাবলিক কলেজ। বিজয়ী দলের দলনেতা অরিন মেহজাবিন সেরা বিতার্কিক হন।

এ ছাড়া বারোয়ারি বিতর্কে বিজয়ী হন পাবলিক কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তানজিম ইসলাম। কুইজ প্রতিযোগিতার নিম্নমাধ্যমিক গ্রুপে খুলনা জিলা স্কুলের নাজমুস সাদাত প্রথম, একই স্কুলের রাতুল মণ্ডল দ্বিতীয় এবং সাকিবুল ইসলাম তৃতীয় হয়। মাধ্যমিক গ্রুপে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের সেখ ফাহমিদ আহমেদ প্রথম, খুলনা জিলা স্কুলের নাফিস ইকবাল দ্বিতীয় এবং খুলনা নৌবাহিনী স্কুলের মিশকাত শোপরানা তৃতীয় হয়।

চূড়ান্ত পর্বে সভাপতিত্ব করেন খুলনা বন্ধুসভার সভাপতি তুহিন রায়। বিচারক ছিলেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ সভাপতি উত্তম রায়, বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক জামাল উদ্দীন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অমিত সরদার, নেভি অ্যাংকরেজ স্কুলের শিক্ষক সাইদ আল ফয়সাল, কুয়েটের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার, কুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তানবিবুর রহমান এবং বিতর্ক সংগঠক মোস্তাফিজুর রহমান।