জ্বালানি ব্যবহারে ৫০ শতাংশ সাশ্রয়ের লক্ষ্যে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সব স্তরের কর্মকর্তাদের অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
পাশাপাশি যথাসম্ভব বিদ্যুৎ সাশ্রয়ী উপায়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনারও উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় পিকেএসএফ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সব প্রাধিকারভুক্ত কর্মকর্তার জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, পিকেএসএফের সব পর্যায়ের কর্মকর্তারা ঢাকা এবং ঢাকার বাইরে দাপ্তরিক কাজে অফিসের গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করবেন। এ ছাড়া অফিস ভবনে সীমিত মাত্রায় এয়ারকন্ডিশনার (এসি) ব্যবহার এবং বিদ্যুৎ ব্যবহারে সংযম প্রদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।