
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য আশিকুর রহমানকে মারধর ও নির্যাতনের অভিযোগের ঘটনায় পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজির (প্রশাসন ও অর্থ) দায়িত্ব পালন করা এনামুল কবিরকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
১৪ জুন এনামুল কবিরের বিরুদ্ধে আইনজীবী আশিকুর রহমানকে মারধর ও নির্যাতন করার অভিযোগ ওঠে। পরদিন জেলা আইনজীবী সমিতি এক সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে এনামুল কবিরকে বরখাস্তের দাবি জানায়।