
ওমরাহ পালন শেষে ঢাকায় আসা বিমানের ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ফ্লাইটটির ওমরাহ–যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক বিলম্ব হয়।
বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে কনটেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো জমজমের পানি পৌঁছাতে বিলম্ব হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ঘটনাটি নজরে আসার পর ওমরাহ হাজিদের সাময়িক দুর্ভোগ কমাতে বিমান কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে। পরে অপর কনটেনারটি শনাক্ত করে সেটিও দ্রুত সরবরাহ করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে।
এর আগে সকালে ওই ফ্লাইটে থাকা যাত্রীদের কয়েকজন সংসদ সদস্য জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন। সেখানে ঢাকায় অবতরণের তিন ঘণ্টা পরও তাদের ট্যাগযুক্ত জমজমের পানি পাননি। তারা সৌদি আরবের রাজধানী মদিনা থেকে ঢাকায় আসেন।