ঢাকায় শুক্রবার বৃষ্টির আভাস, অনেক অঞ্চলে তাপপ্রবাহ থাকবে

ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশেই প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির অপেক্ষায় সবাই। কবে হবে বৃষ্টি? আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও তা হবে সামান্য।

এদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, রাজধানী ঢাকায় বৃষ্টির জন্য আরও অপেক্ষা করতে হবে। আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে তা সামান্য।

আগামী শুক্র ও শনিবার রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হবে সামান্য।
বজলুর রশীদ আবহাওয়াবিদ

এদিকে রাজধানীর তাপমাত্রা কমা অব্যাহত আছে। গতকালও (৩৭ ডিগ্রি) তাপমাত্রা আগের দিনের (৩৮.১ ডিগ্রি) চেয়ে কমেছে। গত রোববার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও রাজধানীতে গরম সেভাবে কমেনি।

তাপপ্রবাহ চলছে

আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজশাহী, দিনাজপুর, পাবনা ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই চার জেলায়। এর মধ্যে রাজশাহীতে ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৪০.৯ ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে ৪০.২ ডিগ্রি এবং দিনাজপুরে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া পঞ্চগড়, রংপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলা এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়েও। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি আসতে দেরি কেন

৭ এপ্রিল থেকে গত সোমবারের আগপর্যন্ত দেশ ছিল বৃষ্টিহীন। সোমবার দেশের উত্তর-পূর্বের জনপদ সিলেটে বৃষ্টি ঝরেছে। তবে তা সামান্য। আবহাওয়াবিদেরা বলছেন, বৃষ্টি হওয়ার জন্য প্রকৃতির কিছু শর্ত পূরণ দরকার। তা হচ্ছে না বা তাতে বিলম্ব হচ্ছে। এ কারণেই বৃষ্টি আসতে দেরি হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির জন্য যে মেঘের দরকার, সেই মেঘ সৃষ্টি হতে পারছে না। শীতের হাওয়া এবং এ সময়ের তপ্ত হাওয়া—দুই-ই ভারতের উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহার হয়ে বাংলাদেশের দিকে আসে। এটি বাংলাদেশের চুয়াডাঙ্গা, যশোর অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই প্রবাহের সঙ্গে তৈরি হওয়া মেঘও আসতে চাইছে। কিন্তু তা বাধাগ্রস্ত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার প্রথম আলোকে বলেন, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহার হয়ে আসা মেঘ হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ ভূখণ্ডে ঊর্ধ্ব ও নিম্ন আকাশে উষ্ণমণ্ডলীয় উচ্চ চাপবলয়ের আধিক্য আছে। বঙ্গোপসাগর থেকে তৈরি আর্দ্রতা এই চাপের কারণে উত্তর দিকে বা উত্তর-পূর্ব দিকে আর এগোতে পারছে না। তিনি বলেন, গত কয়েক দিনে বাংলাদেশ, ভারতের বিহার ও মধ্যপ্রদেশের আকাশ পরিষ্কার, মেঘহীন।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির দরকার বজ্রমেঘ। তার জন্য চাই বাতাসে প্রচুর জলীয় বাষ্পের উপস্থিতি। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে যে প্রচণ্ড গরম পড়েছে, এর একটি বৈশিষ্ট্য হলো সেখানে আর্দ্রতার পরিমাণ ছিল খুব কম। ফলে ঘাম কম হয়েছে বটে, কিন্তু আবহাওয়া ছিল মাত্রাতিরিক্ত শুষ্ক।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক প্রথম আলোকে বলেন, এই জলীয় বাষ্প আসবে দক্ষিণের বঙ্গোপসাগর থেকে। অনেক দিন ধরেই দখিনা বাতাস অনুপস্থিত। জলীয় বাষ্পের উপস্থিতি এত কমে গিয়েছিল যে বাতাসে এর উপস্থিতি ২০ শতাংশের নিচে চলে গেছে।

তবে বৃষ্টির জন্য দরকারি দখিনা বাতাস শুরু হয়েছে। গত সোমবার থেকে একটু একটু করে বাতাস বইছে। তবে এটুকু যথেষ্ট নয়। উমর ফারুক বলেন, এক-দুই দিনের হাওয়ায় বজ্রমেঘ সৃষ্টি হবে না। টানা কয়েক দিন থাকলে বাতাস জলীয়বাষ্পে পরিপূর্ণ হয়ে যাবে। দখিনা বাতাসের এখন প্রবহমান পশ্চিমা বাতাস বাধা পেয়ে সেখানে মেঘের সৃষ্টি হবে। তাতেই আসবে বৃষ্টি।