
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় স্টোর বা গুদামঘর থেকে পুরানো মালামাল দরপত্র ছাড়া নিয়ে যাওয়ার চেষ্টা ও কর্মকর্তাদের হেনস্তা করার অভিযোগের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ শুক্রবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অস্যুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ মামুনকে। সদস্য সচিব হয়েছেন সহকারী প্রক্টর হাসান মুহম্মদ রোমান।
কমিটির অন্য সদস্যরা হলেন শাহজালাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, সহকারী প্রক্টর আহসানুল কবীর ও রোকন উদ্দিন।
এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্টোরে হামলা ও মালামাল নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় ছাত্রলীগের তিন নেতার বিচার চেয়ে উপাচার্যের কাছে একটি চিঠি দিয়েছে চবি কর্মকর্তা সমিতি। এজন্য সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। বলা হয়েছে, বিচার করা না হলে কর্মবিরতিতে যাবেন কর্মকর্তারা।
অভিযুক্ত এই তিন নেতা হলেন চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি মোফাজ্জল হায়দার ইবনে হোসাইন, সাদেক হোসেন ও নজরুল ইসলাম। তাঁদের মধ্যে মোফাজ্জল ছাত্রলীগের উপপক্ষ সিক্সটি নাইনের অনুসারী। তিনি ‘টাইগার মোফা’ নামে ক্যাম্পাসে পরিচিত। আর নজরুল বিজয় উপপক্ষ ও সাদেক ভার্সিটি এক্সপ্রেস উপপক্ষের অনুসারী হিসেবে পরিচিত।
তাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত বুধবার নজরুল ইসলাম, মোফাজ্জল হায়দার (বহিষ্কৃত শিক্ষার্থী) ও সাদেক হোসেনের নেতৃত্বে কিছু চিহ্নিত অছাত্র কেন্দ্রীয় স্টোরে বড় ধরনের অঘটন ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা চালান। এর মধ্যে নজরুল রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখা, প্রকৌশল দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে গিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।