
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সমিতি ভবনে কোন কর্তৃত্বে পুলিশ বেপরোয়া হামলা চালিয়েছে, তা কমিটি গঠন করে তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটটি পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেলের সভাপতি-সম্পাদকসহ ১৪ প্রার্থী ১৯ মার্চ রিটটি করেন। এতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রতি ওই নির্দেশনা দেওয়ার আরজি জানানো হয়। রিটের ওপর ২৭ মার্চ শুনানি শেষে আদালত আজ আদেশের জন্য দিন রেখেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রিট আবেদনকারী সভাপতি প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুস শুনানিতে ছিলেন।
আদেশের পর মো. রুহুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ‘ওই ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে পর্যবেক্ষণ দিয়ে রিটটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। তবে আদেশ পেলে বিস্তারিত বলা যাবে।’
এ এম মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করে বলেছেন, ‘একজন আগন্তুক ওই নির্বাচন পরিচালনা করেন। তাঁর আইনগত কোনো কর্তৃত্ব নেই। এ জন্য নতুন করে নির্বাচন এবং পুলিশের কার্যক্রমের বিচার না হওয়া পর্যন্ত আইনজীবীদের আন্দোলন চলবে।’
১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন (২০২৩-২৪) হয়। এর মধ্যে ১৩ মার্চ নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ অবস্থায় নির্বাচন পরিচালনার উপকমিটির আহ্বায়ক হিসেবে মো. মনিরুজ্জামানকে মনোনীত করেন সমিতির সভাপতি, সম্পাদকসহ নেতৃত্বে থাকা আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। পাল্টা হিসেবে বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ এস এম মোকতার কবির খানকে আহ্বায়ক মনোনীত করেন।
পাল্টাপাল্টি এই অবস্থানের মধ্যে আওয়ামী লীগপন্থীদের মনোনীত আহ্বায়ক ভোটের কার্যক্রম শুরু করতে গেলে বাধা দেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিএনপিপন্থী কিছু আইনজীবী ব্যালট পেপার ছিনিয়ে নেন। এ নিয়ে ১৪ মার্চ রাতে সমিতি ভবনে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এর রেশ ভোটের প্রথম দিনে অর্থাৎ ১৫ মার্চ সকাল থেকে দেখা যায়।
নির্বাচন পরিচালনাসংক্রান্ত কোনো উপকমিটির মাধ্যমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ হবে, এমন প্রশ্নে তর্কে জড়ায় দুই পক্ষ। এর কিছুক্ষণ পর পুলিশ গিয়ে আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়ে সমিতির মিলনায়তন (ভোটকেন্দ্র) থেকে বের করে দেয়। পুলিশের হামলায় আইনজীবী, সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হন। উপকমিটির আহ্বায়ক নিয়ে বিএনপি–সমর্থিত প্যানেলের প্রার্থীদের আপত্তি এবং এর জেরে ভাঙচুর, পুলিশের পিটুনি, হট্টগোল ও ধাক্কাধাক্কির মধ্যে ১৫ ও ১৬ মার্চ ভোট হয়।
আনুষ্ঠানিক নির্বাচন বর্জনের ঘোষণা না দিলেও নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এদিকে ১৬ মার্চ রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদের সব কটিতে জয় পান আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের আইনজীবীরা।