গত ৩০ জানুয়ারি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরের সেন্ট্রাল সড়ক এলাকায় গ্রেপ্তার হন
গত ৩০ জানুয়ারি সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ রংপুর নগরের সেন্ট্রাল সড়ক এলাকায় গ্রেপ্তার হন

এবার দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা একটি মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক জাকির হোসেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, নুরুজ্জামান আহমেদ ও তাঁর স্ত্রী মোছা. হোসনে আরা বেগম পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তাঁদের নামের ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন হয়েছে। প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাই কারাগারে থাকা গ্রেপ্তার নুরুজ্জামানকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

গত বছরের ৩০ জানুয়ারি রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে তাঁর ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামানকে আটক করা হয়। পরে তাঁকে গত ৪ আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার সংসদ সদস্য হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।