
আসছে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে রিট হয়েছে। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন সম্ভাব্য প্রার্থী ও দুজন প্রবাসী বাংলাদেশি আবেদনকারী হয়ে ওই রিট করেছেন।
রিট আবেদনটি আদালতে জমা দেওয়া হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন রিট আবেদনকারীদের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, ‘আদালতের কার্যসূচি অনুযায়ী মনে করি, এই সপ্তাহে শুনানির জন্য রিটটি আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, জাতীয় নির্বাচনে যে ব্যবস্থাটা করা হয়েছিল পোর্টাল সিস্টেমে, স্থানীয় নির্বাচনে সামান্য টেকনোলজি ব্যবহার করলে স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার উপযুক্ত ব্যবস্থাপনা রয়েছে।’
রিট আবেদনকারীপক্ষের ভাষ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন। ‘গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং পরে ২০২৬ সালের ৩ নম্বর আইনের মাধ্যমে ব্যবস্থাটির আইনি ভিত্তি তৈরি হয়। তবে স্থানীয় নির্বাচনে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এই নিষ্ক্রিয়তা সংবিধানের ১১, ২৭, ৩১, ৩২, ৩৯, ৫৯ ও ৬০ অনুচ্ছেদের পরিপন্থী। রিট আবেদনকারীদের যুক্তি, বিদেশে অবস্থানের কারণে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব হতে পারে না।
মো. রহিম উল্লাহ ও মো. জুলহাস উদ্দিন এবং মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ আবেদনকারী হয়ে ওই রিট করেন। তাঁদের মধ্যে প্রথম দুজন আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। অপর দুজনের একজন সৌদি আরবে এবং আরেকজন মালদ্বীপে বসবাসরত প্রবাসী। এই দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।
রিট আবেদনকারীপক্ষের আইনজীবীর তথ্যমতে, প্রবাসীদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না এবং কেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ২০২৭ সালের স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে নির্দেশ চাওয়া হয়েছে। এ বিষয়ে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ চাওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।