ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদল

ঢাবি উপাচার্যের সঙ্গে হিরোশিমা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মশিউর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তাঁরা সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন আকিকো ওয়াতানাবে, ইউকা ইওয়াদা ও কোকোরো কামিতানি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে তাঁরা একমত হন।

সাক্ষাৎকালে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য উপাচার্য অতিথিদের ধন্যবাদ জানান।