চিকিৎসকেরা বৃহস্পতিবার থেকে হাসপাতালেই ফি নিয়ে রোগী দেখবেন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন
ছবি: বাসস

সরকারি চিকিৎসকেরা আগামী বৃহস্পতিবার থেকে অফিস সময়ের পর বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফি নিয়ে রোগী দেখতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি চিকিৎসকদের বৈকালিক স্বাস্থ্যসেবা’–সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আগামী বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে রোগী দেখার বিষয়টি চালু করার চেষ্টা করছি। প্রথমে ১০টি জেলা ও ২০টি উপজেলা হাসপাতালে এ কার্যক্রম শুরু করব।’ তিনি জানান, বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চিকিৎসকেরা রোগী দেখতে পারবেন। এতে নার্স ও টেকনিশিয়ানরাও সপ্তাহে দুই দিন করে কাজ করবেন। তাঁরা যে সেবা দেবেন, তার বিনিময়ে সম্মানী নির্ধারণ করা হয়েছে। এর একটি অংশ পাবেন চিকিৎসকেরা, বাকিটা অন্যরা। সরকারও একটি অংশ পাবে।

সম্মানী নির্ধারণ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের (অধ্যাপক) ফি ৫০০ টাকা, তবে তিনি পাবেন ৪০০ টাকা। জ্যেষ্ঠ পরামর্শকের ফি ৪০০ টাকা, তিনি পাবেন ৩০০ টাকা। সহকারী অধ্যাপকের ফি ৩০০ টাকা, তিনি পাবেন ২০০ টাকা। এমবিবিএস চিকিৎসকের ফি ২০০ টাকা, তিনি পাবেন ১৫০ টাকা। আর চিকিৎসকদের যাঁরা সহযোগিতা করবেন, তাঁরা পাবেন ৫০ টাকা করে, শুধু এমবিবিএস চিকিৎসকের সহকারীরা পাবেন ২৫ টাকা করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দু-তিন মাস ধরে ইনস্টিটিউশন প্র্যাকটিস নিয়ে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল, এই টার্মের শুরুতেই ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করা হোক। কিন্তু ডেঙ্গু ও করোনার কারণে তা আমরা শুরু করতে পারিনি। কিন্তু এখন আমরা আস্তে আস্তে সব জেলা ও উপজেলায় শুরু করব।’