সাজাপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কারাগারে

কারাগার
প্রতীকী ছবি

চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় সাজাপ্রাপ্ত পুলিশের এক পরিদর্শককে (সাময়িক বরখাস্ত) কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম কাজী রাকিব উদ্দিন। তিনি বান্দরবান জেলার রুমা থানা ও চট্টগ্রাম গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন।

মঙ্গলবার চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদীর আইনজীবী জুলফিকার আলী ভুট্টো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ৫২ লাখ টাকার চেক প্রত্যাখ্যান হওয়ায় নগরের আগ্রাবাদ এলাকার শামীমা আক্তার নামের এক গৃহিণী ২০২১ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ৩ মার্চ রাকিব বাদীর কাছ থেকে ৫২ লাখ টাকা ধার নেন। আদালত অভিযুক্ত রাকিবের বিরুদ্ধে সমন জারি করলেও তিনি হাজির হননি।

আইনজীবী জুলফিকার আলী ভুট্টোর চেম্বারে ওই টাকা ধার দেওয়া হয়। সেখানে টাকা পরিশোধের প্রতিশ্রুতিতে একটি চুক্তি সম্পাদন করা হয়। পরে ২০২১ সালের ১৮ আগস্ট পাওনা টাকা পরিশোধের জন্য আসামি সোনালী ব্যাংক বান্দরবান শাখার ৫২ লাখ টাকার একটি চেক দেন। চেকটি ৩১ আগস্ট প্রত্যাখ্যান হলে ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর বাদী পাওনা টাকা দাবি করে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন। আসামি ২৯ সেপ্টেম্বর নোটিশটি গ্রহণ করেন। কিন্তু অর্থ পরিশোধ না করায় ৩১ অক্টোবর তিনি মামলা করেন। এ মামলায় গত বছরের ৬ জানুয়ারি আদালত পুলিশ পরিদর্শক রাকিবের বিরুদ্ধে পরোয়ানা দেন। সর্বশেষ গত ২৫ মে চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত চেক প্রত্যাখ্যানের মামলায় রাকিবকে এক বছরের কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৫২ লাখ টাকা পরিশোধের আদেশ দেন। কিন্তু পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা দেন। গতকাল পতেঙ্গা থানা-পুলিশ রাকিবকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে হাজির করা হয়।