চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নিল ১৬টি অজগর

চট্টগ্রাম চিড়িয়াখানায় চতুর্থবারের মতো কৃত্রিম উপায়ে অজগরের ১৬টি বাচ্চার জন্ম হলো। ১৮ থেকে ২৩ জুন এসব বাচ্চার জন্ম হয়।

আজ বুধবার চিড়িয়াখানার পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল হাতে তৈরি ইনকিউবেটরে ২২টি ডিম রাখা হয়েছিল। ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে ১৬টি অজগরের বাচ্চার জন্ম হয়।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, চিড়িয়াখানায় অজগরের দেওয়া ডিম সংগ্রহ করে ইনকিউবেটরে রাখার ৬০ থেকে ৬৫ দিন পর ১৬টি বাচ্চার জন্ম হয়েছে। জন্ম নেওয়া অজগর বাচ্চাগুলো ১৫ দিন পর চামড়া বদল করবে। এরপর ধীরে ধীরে খাবার দেওয়া হবে। তিনি বলেন, সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলো পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন করলেই জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।

চট্টগ্রাম চিড়িয়াখানার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে প্রথমবার কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে ২৫টি, ২০২১ সালে ২৮টি, ২০২২ সালে ১১টিসহ মোট ৬৪টি অজগরের বাচ্চা ফুটানো হয়। তখন এসব বাচ্চা ধাপে ধাপে সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছিল।