
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চল্লিশোর্ধ্ব নারীদের অবদান ও সক্ষমতাকে স্বীকৃতি দিতে বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে কমিউনিটি প্ল্যাটফর্ম ‘মন জানালা’।
শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির প্যারাগন কনভেনশন হলে ‘গিভ টু গেইন’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ১৫০ জন চল্লিশোর্ধ্ব নারী উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক ও কমিউনিটি নেত্রী অংশগ্রহণ করেন।
অভিনেত্রী ও মন জানালার সহপ্রতিষ্ঠাতা মৌসুমী মৌর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী ডলি জহুর, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ (২০১৮) জান্নাতুল ফেরদৌস ঐশী।
অভিনেত্রী ডলি জহুর বলেন, ‘আমি হতাশায় বিশ্বাসী না। আমাদের মহিলারা যে হতাশায় বিশ্বাসী, এটা আমি মানি না। আমরা কেউ জানি না কার ভাগ্যে কী আছে। তাই আমাকে তো এগিয়ে যেতেই হবে আমার নিজের জন্য, আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার দেশের জন্য।’
অনুষ্ঠানে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নিজের কর্মজীবনের অভিজ্ঞতা সম্পর্কে উল্লেখ করে বলেন, ‘নারীরাই নারীদের প্রতিদ্বন্দ্বী। সব জায়গায় আমাকে নারীদের সাথেই লড়তে হয়েছে। আমি কখনো সেটা মুখে উত্তর দিইনি, আমি আমার কাজে প্রমাণ করেছি। আমার কাছে মনে হয় যে “ইগনোর” একটা বিষয় আছে, যেটা কিন্তু অনেক বড় শাস্তি। আপনাকে একজন অনেক কথা বলে গেল, আপনি চুপ করে থাকলেন, একটা টাইমের পরে কিন্তু সে আর কথা বলবে না।’
সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা পুরস্কার পেয়েছেন লায়ন ইয়াসমিন শাহাদাত, কানিজ ফাতেমা, নাবেগা দর্দানা, জাহেদা খানম, বদরুন্নেসা সরকার।