দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাচিপের কেন্দ্রীয় কমিটি পৃথক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা ও মেডিকেল কলেজ (চমেক) শাখা কমিটির আংশিক নাম ঘোষণা করে।
জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে সেলিম আকতার চৌধুরী ও মো. আরিফুল আমীনকে। এই কমিটির সহসভাপতি করা হয়েছে রফিকুল মওলা ও স্বাচিপের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ন ম মিনহাজুর রহমানকে।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা কমিটির সভাপতি করা হয়েছে চমেক নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক রবিউল করিমকে। সাধারণ সম্পাদক করা হয়েছে হৃদ্রোগ বিভাগের সহকারী অধ্যাপক মো., রিজোয়ান রেহানকে।
গত ২২ এপ্রিল চট্টগ্রাম মেডিকেলের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে জেলা ও চমেক শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯ বছর পর এই সম্মেলন হয়। সম্মেলনের পর দুই কমিটির জন্য নাম প্রস্তাব করা হয়। প্রস্তাবিত নামগুলো যাচাই-বাছাই শেষে কেন্দ্রীয় কমিটি গতকাল দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহসভাপতির নাম ঘোষণা করে। তবে চমেক কমিটির সহসভাপতির নাম ঘোষণা করা হয়নি।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটির বাকি সদস্যদের নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।
চমেক কমিটির সভাপতি রবিউল করিম ও সাধারণ সম্পাদক রিজোয়ান রেহান বলেন, তাঁরা দ্রুততর সময়ে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে পাঠিয়ে দেবেন। অপরদিকে জেলা কমিটির সভাপতি সেলিম আকতার চৌধুরী বলেন, শিগগিরই তাঁরা কমিটির বাকি সদস্যদের নাম নির্ধারণ করে ঢাকায় পাঠাবেন।