‘ব্ল্যাকআউট’ নিয়ে যে ১০ প্রশ্নের উত্তর জানা দরকার

সম্প্রতি বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল
ফাইল ছবি: রয়টার্স

সম্প্রতি বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বাংলাদেশের প্রায় অর্ধেক এলাকার মানুষ ভোগান্তিতে পড়েন। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সচল রাখা এবং জীবনযাত্রা ঠিক রাখতে আমরা বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকি। তাই বিদ্যুৎ বিপর্যয়ে এর সব কটি দিক থেকেই আমাদের ভোগান্তিতে পড়তে হয়।

ভবিষ্যতে এ ধরনের বিদ্যুৎ বিভ্রাট এড়াতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নেতৃত্বে দেশের বিশেষজ্ঞরা এই বিপর্যয়ের মূল কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন। তবে ইতিমধ্যেই এ বিদ্যুৎ বিপর্যয় নিয়ে দেশের অনেকের মধ্যে বহু প্রশ্ন জেগেছে। বিশেষজ্ঞদের এসব প্রশ্নের জবাব দিতে হবে।

ড. আরশাদ মনসুর

প্রতিবছরই উন্নত ও উন্নয়নশীল উভয় ধরনের দেশেই লাখ লাখ মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েন। যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের সাম্প্রতিক এক সমীক্ষা মতে, ২০২০ সালের মাঝামাঝি থেকে ২০২১ সাল পর্যন্ত বড় বড় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বিশ্বের অন্তত ৩৫ কোটি মানুষ (বিশ্বের মোট জনসংখ্যার ৪ শতাংশের বেশি) ভোগান্তির শিকার হয়েছেন।

তবে মনে রাখা দরকার, এসব বিদ্যুৎ বিভ্রাটের বেশির ভাগই হয়েছে হয় চরম বৈরী আবহাওয়ার কারণে অথবা বৈদ্যুতিক লোড (কোনো একটি বৈদ্যুতিক ব্যবস্থা সচল রাখতে বিদ্যুতের চাহিদা) সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ না হওয়ার কারণে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন (প্রবল ঘূর্ণিঝড়) আঘাত হানে। আবার ২০২১ সালে টেক্সাসে শীতকালীন ঝড় হয়েছিল। চরমভাবাপন্ন আবহাওয়া-সংশ্লিষ্ট এই ঘটনাগুলোর কারণে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছিল। আবার লোড সামাল দিতে প্রয়োজনীয় বিদ্যুতের ঘাটতির কারণে এখন দক্ষিণ আফ্রিকায় সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। এদিকে কিছুদিন ধরে বাংলাদেশে নিয়ন্ত্রিত লোডশেডিংয়ের কারণে মানুষ বিদ্যুতের ভোগান্তির শিকার হচ্ছেন।

অন্যদিকে বিদ্যুৎ বিপর্যয় (ব্ল্যাকআউট) হলো, যখন স্থানীয় কোনো গোলযোগের কারণে পুরো গ্রিড অকার্যকর হয়ে পড়ে। এতে বড় এলাকার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। ‘ব্ল্যাকআউট’ খুব বেশি ঘটে না, যদিও তা উন্নত দেশ (২০০৩ সালে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল) ও উন্নয়নশীল উভয় দেশেই দেশেই ঘটে থাকে।

বাংলাদেশ ও আশপাশের দেশগুলোতে সাম্প্রতিককালে হওয়া কিছু বিপর্যয়কর ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে:

# ২০১২ সালের জুলাইয়ে ভারতে দুটি বড় ধরনের ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। এতে ৬০ কোটির বেশি মানুষ (বিশ্বের মোট জনসংখ্যার ৯ শতাংশ) অন্ধকারে চলে যায়। এটি ইতিহাসের সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা। এটি ২০২১ সালের জানুয়ারিতে উত্তর ভারতে হওয়া ব্ল্যাকআউটের চেয়েও বড় মাপের বিপর্যয় ছিল। পরের এই ব্ল্যাকআউটে ভোগান্তির শিকার হয়েছিল ২৩ কোটি মানুষ। সঞ্চালনব্যবস্থায় ত্রুটির কারণে ২০২১ সালের ব্ল্যাকআউট হয়েছিল। আর ২০১২ সালের ব্ল্যাকআউট হয়েছিল ভারতের উত্তর, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি গ্রিড অকার্যকর হয়ে পড়ার কারণে।

# ২০১৪ সালের নভেম্বরে আমাদের দেশের ১৬ কোটি মানুষের অধিকাংশই টানা ১০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। সে সময় জাতীয় গ্রিডে সমস্যার কারণে সব কটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে হয়েছিল। তখন জাতীয় গ্রিড থেকে প্রায় ৪৪৫ মেগাওয়াট বিদ্যুৎ হারিয়ে যাচ্ছিল ‘চেইন রিঅ্যাকশনের’ কারণে, যা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না।

# ২০১৯ সালের আগস্টে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি ব্ল্যাকআউট হয়েছিল। এতে ভোগান্তিতে পড়েছিল ১২ কোটির বেশি মানুষ। ব্ল্যাকআউটের কারণ হিসেবে একটি প্রধান বিদ্যুৎকেন্দ্রের একটি গ্যাস টারবাইনের অকার্যকারিতা এবং অপর একটি বিদ্যুৎকেন্দ্রে গোলযোগ ধরা পড়েছিল। ২০০৫ সালেও দ্বীপটিতে একই রকম ব্ল্যাকআউট হয়েছিল।

# ২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তানে বড় ধরনের ব্ল্যাকআউট হয়েছিল। এতে দেশটির জনসংখ্যার ৯০ শতাংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।

বিদ্যুৎব্যবস্থা আমাদের দৈনন্দিন জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়িয়েছে। যখন ব্ল্যাকআউট হয়, তখন আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি, এতে কতটা ক্ষতি হতে পারে।

তবে কেন ব্ল্যাকআউট হয় এবং তা এড়াতে করণীয় সম্পর্কে ভালো জানাবোঝার মাধ্যমে একটি অধিকতর সচেতন সমাজ গড়ে উঠতে পারে বলে মনে করি। কেননা আমরা সম্মিলিতভাবে আরও নির্ভরযোগ্য বিদ্যুৎ গ্রিড গড়ে তুলতে একসঙ্গে কাজ করছি।

বিদ্যুৎ বিপর্যয়ের মূল কারণ অনুসন্ধানে থাকা বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মধ্যে আলোচনার সূত্রপাতের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলো সাজানো হয়েছে। সাধারণ মানুষ এ বিষয়ে আশ্বস্ত হতে চায় যে বিপর্যয় থেকে নেওয়া শিক্ষা বিদ্যুৎ গ্রিড আরও ভালোভাবে পরিচালনা এবং ভবিষ্যতে ব্ল্যাকআউটের ঝুঁকি কমাবে।

শীর্ষ ১০ প্রশ্ন

১. ব্ল্যাকআউট কি গ্রিডে বিভ্রাট, বিদ্যুৎ উৎপাদন বিভ্রাট নাকি লোড সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে হয়েছিল?

২. ব্ল্যাকআউট যদি গ্রিড বিভ্রাটের কারণে হয়, তাহলে গ্রিডের কোন উপাদানগুলোর কারণে তা ঘটেছে এবং প্রাথমিকভাবে কী কারণে ওই সব উপাদান অকার্যকর হয়েছে?

৩. ব্ল্যাকআউট যদি বিদ্যুৎ উৎপাদন বিভ্রাটের কারণে হয়, তাহলে তার কারণ কী এবং কত মেগাওয়াট বিদ্যুৎ নষ্ট হয়েছে?

৪. একটি ভালো গ্রিডের সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার সক্ষমতা থাকা উচিত। যে কারণে এই ব্ল্যাকআউট হয়েছে, তা কি গ্রিডের নকশা করার সময় বিবেচনায় নেওয়া হয়নি? যদি তা হয়, তাহলে তা কেন?

৫. নিয়মিত ও অনিয়মিত কী কী ঘটনা ঘটেছিল ছিল, যেগুলো বিষয়টিকে একটি স্থানীয় সমস্যার চেয়ে বেশি কিছুতে রূপ দিয়েছিল, আর তার ফলে একটি বড় আকারের ব্ল্যাকআউট হয়েছিল?

৬. গ্রিডের নকশা এমনভাবে করা হয় যে তা বিপর্যয়কর ব্ল্যাকআউট এড়াতে ভারসাম্য বজায় রেখে বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে লোড সামাল দেবে। এই সুরক্ষাব্যবস্থা ঠিকভাবে কাজ না করলে তার মূল কারণ কী ছিল?

৭. প্রত্যাশিত সময়সীমার মধ্যে বৈদ্যুতিক পরিষেবা পুনরুদ্ধার করে বড় অংশের গ্রাহকদের বিদ্যুৎ দেওয়া গিয়েছিল? যদি তা না হয়, তাহলে কী কারণে সম্ভব হয়নি?

৮. জাতীয় গ্রিড, সঞ্চালন ও বিতরণ কোম্পানি, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং স্থানীয়-জাতীয় সরকার, টেলিকম কোম্পানির মতো বৃহত্তর অংশীদারদের মধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কি কোনো ঘাটতি ছিল? গ্রাহকেরা কি পুনরুদ্ধার প্রক্রিয়ার অগ্রগতি এবং কখন বিদ্যুৎ ফিরে পেতে পারেন, সে বিষয়ে ভালোভাবে অবহিত ছিলেন?

৯. ঠিক কী ঘটছে, তা জানাটা গ্রিড অপারেটরদের জন্য গুরুত্বপূর্ণ। ঘটনার সময় গ্রিডে কী ঘটছিল, সে সম্পর্কে গ্রিড অপারেটরদের কি স্বচ্ছ ধারণা ছিল? ব্ল্যাকআউট ও পুনরুদ্ধারের সময় তাদের কি প্রয়োজনীয় যোগাযোগের সুযোগ ছিল?

১০. ব্ল্যাকআউট থেকে কী শিক্ষা নেওয়া হয়েছে? ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে?

ব্ল্যাকআউটের মূল কারণ বের করতে সময় লাগবে। ঠিক কী ঘটেছে, তা জানার জন্য আমরা যাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, তাঁদের ধৈর্য ধরতে হবে। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভবিষ্যতে ব্ল্যাকআউটের ঝুঁকি কমানোর ক্ষেত্রে সাধারণ জনগণকে আশ্বস্ত করার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে?

ইপিআরআই: ইপিআরআই ১৯৭১ সালে প্রতিষ্ঠিত। এটি আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিসম্পন্ন একটি স্বাধীন ও অলাভজনক গবেষণা সংস্থা। বিশ্বের বিভিন্ন জায়গায় ইপিআরআইয়ের কার্যালয় রয়েছে। পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানিব্যবস্থা গড়ে তুলতে বিশ্বের ৪৫টি দেশে ৪৫০টির বেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ইপিআরআই।

ড. আরশাদ মনসুর: প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ইলেকট্রিক পাওয়ার রিসার্চ ইনস্টিটিউট (ইপিআরআই), যুক্তরাষ্ট্র