
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে সেবার মান স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে। তিনি বলেন, গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কোনোভাবেই দেরি করা যাবে না। দ্রুত সেবা দিতে পারলে গ্রাহক–সন্তুষ্টি বাড়বে।
আজ রোববার ভার্চ্যুয়ালি আয়োজিত ‘বাংলাদেশের স্মার্ট জ্বালানি পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন নসরুল হামিদ। হাইড্রোকার্বন ইউনিট আয়োজিত এ সেমিনারে তিনি বলেন, পারিপার্শ্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা স্মার্ট করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে নিজেরা স্মার্ট হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক এ বি এম আলিম আল ইসলাম। মূল প্রবন্ধে তিনি স্মার্ট পরিকল্পনায় ব্যবস্থাপনা ও কর্মপন্থার দৃষ্টিভঙ্গি, প্রযুক্তির দৃষ্টিভঙ্গি, উন্নত ও উন্নয়নশীল দেশের প্রেক্ষাপট এবং গবেষণা ও উন্নয়ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক তাহমিনা ইয়াসমিন। এতে আরও বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।