
আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়ান আফরোজা হককে। স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীতজাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে (মহিলা আসন–৫০) শপথ নিয়েছেন আফরোজা হক। আজ বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁকে শপথ পড়ান। স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য শিরীন আক্তার ও ওয়াসিকা আয়শা খান উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ শেষে রীতি অনুযায়ী আফরোজা হক শপথ বইয়ে সই করেন।
আফরোজা হক জাসদের সহসভাপতি। তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন আছে ৫০টি। জনগণের সরাসরি ভোটে কোনো রাজনৈতিক দল ও জোটের পাওয়া আসনের সংখ্যানুপাতিক হার অনুযায়ী কোন দল কতটি সংরক্ষিত আসন পাবে, তা নির্ধারণ করা হয়। এ জন্য সুনির্দিষ্ট আইন আছে। একাদশ জাতীয় সংসদে বিএনপি থেকে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ছয়জন। এর বিপরীতে তাদের মহিলা আসন ছিল একটি। সেটিতে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত বছরের ১১ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন।
রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের প্রার্থী করা হয় আফরোজা হককে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।