ওয়াশিং মেশিন
ওয়াশিং মেশিন

জীবনকে সহজ করতে ওয়াশিং মেশিন

কর্মব্যস্ত এ সময়ে কাপড় ধোয়ার জন্য সময় বের করা বেশ কঠিন। আজকাল অধিকাংশ পরিবারে স্বামী-স্ত্রী দুজনেই থাকেন কর্মজীবী। সারা দিন কাজের পর কিংবা ছুটির দিনগুলোয় জরুরি অন্য কাজগুলো করেই দিনের অনেকটা সময় কেটে যায়। তাহলে কি আপনার পরিধেয় কাপড় অপরিষ্কারই থাকবে? এ দুর্ভাবনা থেকে মুক্তির অন্যতম সমাধান হতে পারে ‘ওয়াশিং মেশিন’। কর্মজীবীরা তো বটেই, পরিবারের সবাই ওয়াশিং মেশিনের মাধ্যমে দৈনন্দিন এ কাজকে এখন অনেকটাই সহজ এবং অল্প সময়ে করতে পারেন।

ভরসার নাম

প্রতিদিন পরিপাটি পোশাক পরে বাইরে বের হতে হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। এ জন্য চাই পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক। তাই আপনি ভরসা রাখতে পারেন ওয়াশিং মেশিনের ওপর। বাজারে অনেক ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায়। এ যন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে কথা হয় বাটারফ্লাইয়ের সেলস ডিরেক্টর মকবুল্লে হুদা চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘নাগরিক এই শহরের অনেকেই নিজেকে আরও বেশি স্মার্ট ও আধুনিক রাখতে ওয়াশিং মেশিনের ওপর ভরসা রাখেন। বর্তমানে দেশের মানুষের কাছে ধীরে ধীরে ওয়াশিং মেশিন আস্থার জায়গা করে নিচ্ছে। আধুনিক জীবনে পরিপাটি থাকাটা জরুরি। ঝামেলাবিহীন ঝটপট কাপড় ধোয়া ও শুকানোর জন্য চাহিদা বাড়ছে ওয়াশিং মেশিনের। ওয়াশিং মেশিন আপনার জীবনকে আরও সহজ করে তুলবে। সেই ভাবনা থেকেই সাশ্রয়ী মূল্যে ও সহজ কিস্তিতে বাটারফ্লাই ওয়াশিং মেশিন বাজারজাত করছে।’

সুবিধা

ওয়াশিং মেশিন সময় ও শ্রম বাঁচায়। অটোমেটিক ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় প্রয়োজন অনুযায়ী পানি নিজেই নিয়ে নেয়। ধোয়া শেষে পানি ঝরিয়ে কাপড় শুকিয়ে দেয়। কিছু ওয়াশিং মেশিনে থাকা ‘হট ওয়াশ’ সিস্টেম কাপড় পরিষ্কারের সঙ্গে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসও দূর করে।

যত্ন

যেকোনো পণ্যই বেশি দিন ব্যবহার করতে চাইলে ভালোভাবে যত্ন নিতে হয়। ওয়াশিং মেশিনও ভালো রাখতে হলে নিয়মিত পরিষ্কার করতে হবে। ডিটারজেন্ট সাবান জমে অনেক সময় মেশিনের ভেতরে অনেক অংশ ব্লক হয়ে যায়। তাই ধোয়ার কাজ সম্পন্ন হলে ভালোভাবে মেশিনের ভেতরটা ধুয়ে পরিষ্কার করে রাখুন। মেশিনে দুর্গন্ধ হলে পানিতে দুই কাপ লেবুর রস বা ভিনেগার মিশিয়ে মেশিন পরিষ্কার করুন।

সতর্কতা

ওয়াশিং মেশিন ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে মেশিনটি ভালো থাকবে অনেক দিন। এ বিষয়ে বাটারফ্লাইয়ের সেলস ডিরেক্টর মকবুল্লে হুদা চৌধুরী বলে, ‘ওয়াশিং মেশিনে একসঙ্গে বেশি কাপড় দেবেন না। ধারণক্ষমতার চেয়ে কিছুটা কম দিন। বেশি জামাকাপড় একসঙ্গে ভালোভাবে পরিষ্কার হয় না। কাপড়ে সেফটিপিন বা আর্টিফিশিয়াল বোতাম থাকলে মেশিনে দেওয়ার আগে তা খুলে নিন। নয়তো মেশিনে দাগ পড়ে যাবে। কাপড় ছিঁড়ে যাওয়ারও আশঙ্কা থাকে।’ তিনি আরও বলেন, ‘ওয়াশিং মেশিন ব্যবহার করার পর বিদ্যুতের সংযোগ বন্ধ রাখাই ভালো। ওয়াশিং মেশিনে ভোল্টেজ ওঠানামা করলে মেশিনের ক্ষতি হতে পারে। কাপড়ের প্রকৃতির ওপর নির্ভর করে আলাদা আলাদাভাবে ধুতে চেষ্টা করুন।’

কোনটি আপনার জন্য

রাজধানীসহ সারা দেশে ইলেকট্রনিক পণ্যের দোকান বা বাজারে পেয়ে যাবেন পছন্দের ওয়াশিং মেশিনটি। অটো ও ম্যানুয়াল—দুই ধরনের মেশিনই পাওয়া যায়। পরিবারের সদস্যসংখ্যা এবং কাপড় ধোয়ার পরিমাণের ওপর নির্ভর করে ওয়াশিং মেশিন কিনতে হবে। ধারণক্ষমতা হিসেবে ম্যানুয়াল ও অটো ওয়াশিং মেশিনের দামেও রয়েছে ভিন্নতা।

কোথায় পাবেন, কেমন দাম

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ওয়াশিং মেশিনের দাম শুরু ১১ হাজার টাকা থেকে। আধুনিক সুযোগ-সুবিধাসহ ওয়াশিং মেশিনের মূল্য সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। চাইলে অনলাইন ঘুরেও কিনতে পারেন ওয়াশিং মেশিন। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান ছাড় বা অফার দিয়ে থাকে। সেদিকে খেয়াল রাখলে কিছুটা লাভবান হবেন। পরিশেষে, যেকোনো ধরনের ইলেকট্রনিকস হোম অ্যাপ্লায়েন্স ক্রয়ের ক্ষেত্রে বিশ্বস্ত বিক্রয়োত্তর সেবা প্রদানকারী শোরুম থেকে কেনাই বাঞ্ছনীয়।