চট্টগ্রামে মে দিবসের কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক লীগের সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম রেলস্টেশনে আজ সোমবার সকালে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়
ছবি: সংগৃহীত

মে দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছুরিকাঘাতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম রেলস্টেশনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের অনুসারীদের সঙ্গে অলিউল্লাহর অনুসারীদের সংঘর্ষ হয়।

এদিকে ছুরিকাঘাতে আহত মো. মিজানকে (৩০) চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় শ্রমিকনেতা সিরাজুল ইসলাম ও অলিউল্লাহর অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মে দিবসের কর্মসূচি উপলক্ষে সিরাজুল ইসলামের পক্ষ মিছিল বের করে। এ সময় পাশ দিয়ে অলিউল্লাহর পক্ষের কর্মীরা যাচ্ছিলেন। তখন দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর মারামারিতে জড়িয়ে পড়েন। এতে দু-তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আর কী কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, তদন্ত করে তা বের করা হবে।

সংঘর্ষের ঘটনার বিষয়ে জানতে সিরাজুল ইসলাম ও অলিউল্লাহের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁরা কেউ ফোন ধরেন। অলিউল্লাহর শ্রমিক লীগের কোনো পদ নেই বলে জানা গেছে।

তবে রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মে দিবস উপলক্ষে চট্টগ্রামে আজ তাঁদের কোনো কর্মসূচি ছিল না। কেউ যদি বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করে সংঘর্ষে জড়ায়, এর দায় শ্রমিক লীগ নেবে না। তবে মে দিবসে এ ধরনের ঘটনা বিব্রতকর।