প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি চায় ডুজা

শামসুজ্জামান
ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)৷

শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, এ ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতা এবং সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার প্রতি একধরনের হুমকি। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সব সাংবাদিকের মুক্তি এবং বিভিন্ন সময়ে দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের ঘটনার বিচার দাবি করেছে ডুজা।

গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন ডুজার সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

ডুজার বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন সিআইডির সঙ্গে ছিলেন। সেই কথা তিনি স্বীকারও করেছেন। বাসা থেকে তুলে নেওয়ার সময় শামসুজ্জামান শামস যে বাড়িতে থাকেন, সেই বাড়ির মালিককে ডাকেন সিআইডি পরিচয়ধারী ব্যক্তিরা। বাড়ির মালিককে তাঁরা বলেন, শামসুজ্জামান শামসের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছে। তুলে নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি স্বীকার না করার ঘটনা বিপজ্জনক। এ ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতা এবং সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতার প্রতি একধরনের হুমকি বলে আমরা মনে করি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় তার প্রতিবিধান সম্ভব। তা না করে ভোরে একজন সাংবাদিককে তাঁর বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা সাংবাদিকতা ও সাংবাদিকদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম বিরূপ আচরণ। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। সংবিধানস্বীকৃত গণমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা থাকা উচিত বলে আমরা মনে করি। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, তা স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় সুরাহা করা যেতে পারে।’

মহান স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধের ফটকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে এক দিনমজুরের হতাশার কথা উঠে এসেছিল প্রথম আলোর এক সংবাদে। প্রথম আলোর ফেসবুক পেজে ওই দিনমজুরের বক্তব্যের উদ্ধৃতি একটি ‘কার্ড’ আকারে প্রকাশিত হয়েছিল। প্রকাশের অল্প সময়ের মধ্যেই প্রথম আলোর ফেসবুক পেজ থেকে তা সরিয়ে নেওয়া হয়। তবে কার্ডটি ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার জেরে গতকাল ভোরে শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে তাঁর বাসা থেকে তুলে নেওয়ার পর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর।

পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতিটি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

ওই প্রতিবেদনের প্রতিবেদক ছিলেন শামসুজ্জামান। এ ঘটনার জেরেই তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। একই ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রাজধানীর রমনা থানায় করা এ মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।

রমনা থানায় করা মামলায় শামসুজ্জামানকে আজ সকাল ১০টার পরে আদালতে নেওয়া হয়েছে।