ফেব্রুয়ারিতে সড়কে নিহত ৪৮৭ জন: রোড সেফটি ফাউন্ডেশন

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৩৯টি সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন নিহত ও ৭১২ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৪০ শতাংশের বেশি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার। এরপরই আছে পথচারী। আজ বুধবার রোড সেফটি ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে গতকাল মঙ্গলবার সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) দেওয়া হিসাবে বলা হয়, ফেব্রুয়ারিতে সারা দেশে ৩০৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৩০৩ জন।

আজ সেফটি ফাউন্ডেশন বলেছে, ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তারা সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করেছে।

সংগঠনটির হিসাবে, গত ফেব্রুয়ারিতে নিহত ব্যক্তিদের মধ্যে নারী ৫৪ ও শিশু ৬৮ জন। দুর্ঘটনায় ১০৮ পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে আঞ্চলিক সড়কে এবং এরপর আছে জাতীয় মহাসড়ক। দুর্ঘটনার ধরন হিসেবে বলা হয়েছে, নিয়ন্ত্রণ হারানোর ঘটনা প্রায় ৪৬ শতাংশ। এরপর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ১৫ শতাংশের বেশি। এ ছাড়া ভোরে ও সন্ধ্যায় দুর্ঘটনার হার সবচেয়ে কম। শিক্ষার্থী নিহত হয়েছে সবচেয়ে বেশি।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে। একক জেলা হিসেবেও ঢাকা শীর্ষে। সবচেয়ে কম মেহেরপুর জেলায়। গত মাসে সেখানে কোনো নিহতের ঘটনা ঘটেনি। রাজধানী ঢাকায় ২৩টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণ হিসেবে সংগঠনটি বলেছে, ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি ও মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, যথাযথ তদারকি না থাকা, আইন না মানা।

সড়ক দুর্ঘটনা ছাড়াও ফেব্রুয়ারিতে ৯টি নৌ দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ছাড়া ১৭টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন এবং ৩০ হাজার লিটার জ্বালানি তেল নষ্ট হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দুর্ঘটনায় ৩০৩ জনের প্রাণহানি, বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে