আলোচনা সভায় বক্তারা

সমান হতে হবে নারী ও পুরুষের পারিশ্রমিক

মে দিবস উপলক্ষে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের আলোচনা সভায় বক্তব্য দেন নাট্যজন মামুনুর রশীদ
ছবি: প্রথম আলো

বাংলাদেশের শ্রম কর্মসংস্কৃতির বড় দুর্বলতা বেকার ভাতা ব্যবস্থা না থাকা এবং নারী শ্রমিকের মজুরিবৈষম্য। তাই ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ উদ্ধার করে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে। নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হতে হবে। মে দিবস উপলক্ষে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তাদের কথায় উঠে আসে এসব দাবি।

রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে মে দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশের কর্মসংস্কৃতির বিভিন্ন দুর্বলতা তুলে ধরেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন মামুনুর রশীদ। সচিবালয় থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে গাফিলতির উদাহরণ দিয়ে তিনি বলেন, আলস্য বড় ক্ষতি করছে। দেশের কৃষক আন্দোলনের ইতিহাস তুলে ধরে মামুনুর রশীদ বলেন, ‘প্রয়োজনে আবার মাথা তুলে দাঁড়ানোর ইতিহাসও আমাদের আছে।’ তিনি আক্ষেপ করে বলেন, দেশের শ্রমিক মজুরি পান না, কিন্তু মালিকেরা বিভিন্ন দেশে বেগমপাড়া বানান।

সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে মে দিবসের চেতনার অভিন্ন হওয়ার কথা। সংস্কৃতিকর্মীদের দাবি নিয়ে কোনো রাজনৈতিক দল কথা বলে না অভিযোগ করে তিনি বলেন, ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ উদ্ধার করতে হবে। জনগণের চাহিদা পূরণ এবং বেকার ভাতার জন্য সেই অর্থ ব্যবহার করতে হবে।

নারী শ্রমিকের মজুরি বৈষম্যের কথা উঠে আসে সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমানের বক্তব্যে। মালিক-শ্রমিক বৈষম্যের কথাও তুলে ধরেন তিনি।

সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বলেন, প্রথা পাল্টেছে কিন্তু শ্রমিকের পরিস্থিতি বদলায়নি। এখনো কৃষক রাগে, ক্ষোভে নিজের ফলানো ফসল মাঠে ফেলে চলে আসেন বা রাস্তায় ফেলে প্রতিবাদ করেন। কারণ, তিনি তাঁর ন্যায্য মজুরি পান না।

আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গণসংগীতশিল্পী ফকির সিরাজ। আলোচনার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ঋষিজ, উদীচীসহ কয়েকটি শিল্পীগোষ্ঠী। ছিল একক পরিবেশনাও। ‌‘১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট’, ‌‘আজ নয় কাল নয় পরশু, বিভাবরী সূর্য উঠবে একদিন’ অথবা ‌‘বুক বেঁধে লড়তে হবে’র মতো গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা।