প্রদর্শনীতে ‘কনসার্ট ইন সিমপ্যাথি ১৯৭১’–এর ছবি দেখছেন অভিনয়শিল্পী আফজাল হোসেন
প্রদর্শনীতে ‘কনসার্ট ইন সিমপ্যাথি ১৯৭১’–এর ছবি দেখছেন অভিনয়শিল্পী আফজাল হোসেন

মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সহায়তার নিদর্শনের প্রদর্শনী

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানবতাবাদী প্রগতিশীল লেখক-শিল্পীরা অনেক রকমের উদ্যোগ নিয়েছিলেন। তাঁরা অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি, তহবিল সংগ্রহ—এমন কাজে। তাঁদের এই বহুমাত্রিক সহায়তা মুক্তিযুদ্ধকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দীর্ঘদিন অনুসন্ধান করে বিদেশি লেখক-শিল্পীদের সহায়তার নানা ধরনের উদ্যোগের তথ্য–উপাত্ত সংগ্রহ করেছেন। এসব নিয়েই ২০২২ সালে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তাঁর বই ‘ভালোবাসায় বাড়ানো হাত: মুক্তিযুদ্ধে বিদেশি লেখক-শিল্পী বন্ধু’।

প্রদর্শনীর বিভিন্ন নিদর্শন দেখছেন দর্শক

স্বাধীনতা দিবসের স্মৃতিময় মাসে ২৭ মার্চ শুক্রবার বিকেলে বেঙ্গল বইয়ের উদ্যোগে বইটি অবলম্বন করে আলোচনা, প্রদর্শনী, কবিতা আবৃত্তি ও সংগীতায়োজন ছিল ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশন মিলনায়তনে।

নিউইয়র্কে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের আয়োজনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এর রেকর্ড ও অন্যান্য নিদর্শন দেখছেন দর্শকেরা

বেঙ্গল ফাউন্ডেশনের সপ্তম তলায় ছাদবাগানের উন্মুক্ত পরিসরে ডিসপ্লে বোর্ড ও কাচঢাকা টেবিলে উপস্থাপন করা হয়েছিল আলোকচিত্র, গানের রেকর্ড, বই, স্মারক ডাকটিকিট, টি–শার্টসহ মতিউর রহমানের সংগ্রহ করা বেশ কিছু দুর্লভ নিদর্শন। স্বাধীনতার পর থেকে তিনি প্রবল আগ্রহ ও গভীর নিষ্ঠায় এসব নিদর্শন সংগ্রহ করেছেন।

১৯৭১ সালে দেশাত্মবোধক বিভিন্ন গানের রেকর্ড দেখছেন এক দর্শক

এসব নিদর্শনের মধ্যে ছিল নিউইয়র্কে পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের আয়োজনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এর ভিনাইল রেকর্ড, প্রামাণ্যচিত্র, জর্জ হ্যারিসনের আত্মজীবনী, জর্জের স্ত্রী অলিভিয়া হ্যারিসনের স্বাক্ষর করা ভিনাইল রেকর্ড। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নিয়ে বাংলাদেশের ডাক বিভাগের প্রকাশিত স্মারক ডাকটিকিট ও খাম, টি–শার্ট। আরেক মার্কিন সংগীতশিল্পী জোয়ান বায়েজের ‘সং অব বাংলাদেশ’–এর লংপ্লেসহ বিভিন্ন সময় প্রকাশিত রেকর্ড, তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ।

নিউইয়র্কে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ ও রুশ কবি আন্দ্রেই ভজনেসেনস্কির কবিতা পাঠের অনুষ্ঠানের ছবি দেখছেন দর্শক

লন্ডনে অনুষ্ঠিত ‘কনসার্ট ইন সিমপ্যাথি ১৯৭১’ উপলক্ষে প্রকাশিত পুস্তিকা ও বিভিন্ন ছবি, ‘গুডবাই সামার’ কনসার্টের ছবি। পণ্ডিত রবিশঙ্কর, ভিক্টোরিয়া ওকাম্পো, অ্যালেন গিন্সবার্গ, আন্দ্রেই ভজনেসেনস্কিসহ বিভিন্ন কবি, লেখকের ছবি। কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীদের বিভিন্ন উদ্যোগ অনুষ্ঠানের ছবি তুলে ধরা হয়েছিল প্রদর্শনীতে।

প্রদর্শনীর আরেকটি অংশ

অনুষ্ঠানে দর্শকদের মধ্যে ছিলেন লেখক, কবি, বিভিন্ন মাধ্যমের শিল্পী, প্রকাশকসহ শিল্পসাহিত্যানুরাগীরা। তাঁরা প্রদর্শনীর সেই নিদর্শনগুলো দেখেছেন অত্যন্ত আগ্রহের সঙ্গে।