চাঁদপুরে পানিতে ডুবে দুদিনে চার শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আশিকাটি এলাকার হোসেনপুর গ্রামের হোসেন খান বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে জেলায় চার শিশুর মৃত্যু হলো।

ওই দুই শিশু হলো হোসেনপুর গ্রামের সেলিম খানের মেয়ে নুসরাত আক্তার (৮) ও তার চাচাতো ভাই চাঁদ মিয়ার মেয়ে মরিয়ম আক্তার (১০)।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুই শিশু দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে গেলে নুসরাত পানিতে তলিয়ে যায়। এ সময় তাকে বাঁচাতে মরিয়ম চেষ্টা চালিয়ে সে–ও মারা যায়। পরে তারা ভেসে উঠলে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে গত বৃহস্পতিবার দুপুরে কচুয়ায় পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই চাচাতো-জেঠাতো বোনের মৃত্যু হয়েছে। উপজেলার গোহট গ্রামে এ ঘটনা ঘটে। তারা হচ্ছে গোহট গ্রামের বাবুল হোসেনের মেয়ে ইভা সুলতানা ও আরিফ হোসেনের মেয়ে সায়েরা রহমান আদিবা। তারা দুজনই গোহট লতিফিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।