আকাশে মেঘের আনাগোনা, তবু সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

গামছা মাথায় দিয়ে তীব্র রোদ ও গরম উপেক্ষা করেও জমিতে কাজ করতে নেমেছেন কৃষক। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ১৭ এপ্রিল
ছবি : হাসান মাহমুদ

দেশের কোথাও তাপমাত্রা কমেছে, আবার কোথাও বেড়েছে। তিন বিভাগের আকাশে মেঘের দেখা মিলছে। ঢাকার আকাশে খুব বেশি মেঘের আনাগোনা দেখা না গেলেও দৃষ্টিসীমায় কুয়াশার মতো আবরণ তৈরি হয়েছে। এতে রাজধানীর তাপমাত্রা কিছুটা কমেছে।

তবে চলতি বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রা আরেক দফা বেড়েছে। ঈশ্বরদীতে গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা ৯ বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারত থেকে বাংলাদেশে মেঘ আসতে শুরু করেছে। সীমান্ত পেরিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ওপর দিয়ে মেঘ রাজধানীর আকাশেও আসছে। এতে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও তাপমাত্রা কমলেও গরমের অস্বস্তি আপাতত কমছে না। বরং রাতের তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমের অনুভূতি বাড়বে। আর বাতাস শুষ্ক থেকে ধীরে ধীরে আর্দ্র হওয়ায় ঠোঁট ফেটে যাওয়া এবং শরীর জ্বালাপোড়া কমবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত রোববার যশোর ও চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। এর আগে ২০১৪ সালের ২১ মে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ১০ দিন ধরে ঢাকার তাপমাত্রা ধারাবাহিকভাবে বেড়ে গতকাল কমতে শুরু করেছে। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে মনে হচ্ছে ২০১৪ সালের পর দেশের কোথাও তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠেনি। তবে আগামীকাল (আজ) থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে। যদিও দাবদাহ চলবে। আর আর্দ্রতা বাড়ায় ভ্যাপসা গরমের কষ্ট বাড়বে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল পাবনা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। আকাশে মেঘ দেখা যাওয়ায় রংপুর ও সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় দাবদাহের তীব্রতা কিছুটা কমে এসেছে। আজ মঙ্গলবার তা আরও কমতে পারে। আর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চলে আজ গরমের তীব্রতা অব্যাহত থাকতে পারে। তবে দেশের বেশির ভাগ এলাকায় রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত

দেশের সর্বোচ্চ তাপমাত্রার প্রভাব পড়েছে পুরো পাবনা জেলায়। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে ঈশ্বরদীর প্রধান অর্থকরী ফসল লিচুর।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক নাজমুল হক জানান, ঈশ্বরদীতে এক সপ্তাহ ধরে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

২০১৪ সালের পর দেশের কোথাও তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠেনি। তবে আগামীকাল (আজ) থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে।
শাহনাজ সুলতানা, আবহাওয়াবিদ

রূপপুর এলাকার লিচুচাষি খায়রুল ইসলাম বলেন, এমনিতেই চলতি বছর লিচুগাছে ৬০ শতাংশ ফুল এসেছে। এর মধ্যে প্রচণ্ড দাবদাহের কারণে ইতিমধ্যেই ৫০ শতাংশ গুটি ঝরে গেছে। এমন পরিস্থিতি আরও কয়েক দিন চললে এবার ঈশ্বরদীতে লিচুর ফলনে বিপর্যয় ঘটবে।

গতকাল ঈশ্বরদী পৌর শহর ঘুরে দেখা গেছে, মানুষজন কম, অনেক দোকানপাটও বন্ধ। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে নেই। তবে সবকিছু উপেক্ষা করেই মাঠে কাজ করছেন খেটে খাওয়া দিনমজুরেরা।

দাশুড়িয়া এলাকায় ফসলের মাঠে আগাছা পরিষ্কার করছিলেন কয়েকজন শ্রমিক। তাঁরা জানান, একদিকে রোদে পুড়ে জমির ফসল নষ্ট হচ্ছে। অন্যদিকে আগাছা জমেছে। তাই বাধ্য হয়ে আগাছা পরিষ্কার করতে মাঠে নেমেছেন। কিন্তু প্রচণ্ড গরমে মনে হচ্ছে চামড়া পুড়ে যাচ্ছে। শ্রমিক মোতালেব হোসেন বলেন, ‘তাপ সবের (সহ্য) পারতেছিনে। শরীলডে পুড়ে যাচ্ছে। কিন্তুক কিছু করারও নাই। কাজ না করলি খামু কী? তাই মাঠেত পড়ে আছি।’

শহরের রাস্তাঘাট ঘুরে বেলা দুইটায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিনসিটিতে গিয়ে দেখা গেল, এলাকা প্রায় জনমানবশূন্য। গ্রিনসিটির সামনের দোকানগুলোও বন্ধ। কিছু দোকানি দোকান খুলে রাখলেও রোদ থেকে মালামাল রক্ষা করতে তা মোটা কাপড়ে ঢেকে রেখেছেন।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত তাপপ্রবাহ কমার কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। আরও দু-এক দিন এমন পরিস্থিতি থাকবে বলে ধারণা করা হচ্ছে।’

এদিকে প্রতিনিধি, রাজশাহী জানান, রাজশাহীতে গতকাল চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, এটা গত ৯ বছরের মধ্যে রাজশাহী জেলায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে ২০১৪ সালের ২১ মে একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।