ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট নতুন করে সন্ত্রাস সৃষ্টির অপপ্রয়াস: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘সাম্প্রতিক বিষয়’ নিয়ে সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা
 ছবি: সংগৃহীত

ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) নামে সদ্য গঠিত আইনজীবীদের মোর্চাকে বিএনপি ও জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের অপভ্রংশ আখ্যায়িত করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। একই সঙ্গে বিএনপি–জামায়াতের রাষ্ট্রবিরোধী ও আইনের শাসনবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য দেশের সব আইনজীবী ও সব জেলা আইনজীবী সমিতির প্রতি আহ্বান জানিয়েছেন সমিতির নেতারা। আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তাঁরা।

এর আগে ১২ জুন ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ) নামে আইনজীবীদের একটি মোর্চার আত্মপ্রকাশ ঘটে। সেদিন এক সংবাদ সম্মেলনে ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সদস্যেদের নাম ঘোষণা করা হয়। মোর্চার আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান।

আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘সাম্প্রতিক বিষয়’ নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতি ও সম্পাদকসহ সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের সব কটিতে আছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

সমিতির সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা ও তাদের সমর্থকেরা সারা দেশে মিথ্যাচার ও নৈরাজ্য সৃষ্টি করে চলছে। দেশবাসী ও বিশ্ববাসীকে সত্য ঘটনা তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল। লিখিত বক্তব্যে বলা হয়, বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা নতুন কৌশল অবলম্বন করে ১২ জুন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট নামে কমিটি গঠন করেন। কমিটিতে যাঁরা আছেন, তাঁদের সবার অতীত সবার জানা আছে। প্রায় সবাই বিএনপিদলীয় আইনজীবী। বাকি কয়েকজন দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় আইন–অঙ্গন ও সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে চলেছেন।

ওই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য ‘সত্যের অপলাপ’ অভিযোগ করে লিখিত বক্তব্যে বলা হয়, ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট নামে কমিটি বিএনপি–জামায়াত এবং তাদের জোটের আইনজীবীদের একটি অপভ্রংশ মাত্র। এটি নতুন করে সন্ত্রাস সৃষ্টির একটি অপপ্রয়াস।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ওই জোট এবং তাদের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এ জোট অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে মিথ্যাচার করছে। আইনজীবী সমিতিতে কোনো গোষ্ঠী আইনশৃঙ্খলার অবনতি ঘটালে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব এই সমিতির সব আইনজীবীর এবং অ্যাটর্নি জেনারেল অফিসের সদস্যদেরও। তাদের বিরুদ্ধে লিখিত বক্তব্যে ওই জোট যে কটূক্তি করেছে, তা অসৌজন্যমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যাচার।

সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সমিতির সহসভাপতি মো. আলী আজম ও জেসমিন সুলতানা, কোষাধ্যক্ষ এম মাসুদ আলম চৌধুরী, সহসম্পাদক এ বি এম নূর-এ-আলম ও মোহাম্মদ হারুন-উর রশিদ, সদস্য মহিউদ্দিন আহমেদ, মনিরুজ্জামান রানা, শফিক রায়হান শাওন, মো. সাফায়েত হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. নাজমুল হুদা ও সুভাষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।