ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)। প্রজ্ঞাপনের তারিখ ২২ ফেব্রুয়ারি।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন—
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান
খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার
নতুন প্রশাসকদের সবাই সদ্য ক্ষমতায় আসা বিএনপিতে যুক্ত। তাঁদের মধ্যে আব্দুস সালাম বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য, তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি। নজরুল ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতির পদে রয়েছেন। সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি। আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি পদে রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (১)–এর অনুবৃত্তিক্রমে এই ছয়জনকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকেরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪–এর ধারা ২৫ক–এর উপধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁরা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।