হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

পথশিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় বিধিবিধান প্রণয়ন কেন নয়: হাইকোর্ট

পথশিশুদের সুরক্ষা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিবিধান, প্রবিধান বা আইন প্রণয়ন করতে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ রুল দেন।

দেশের সব পথশিশুর মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা–ও জানতে চাওয়া হয়েছে।

পথশিশুদের সুরক্ষা নিশ্চিতে নিষ্ক্রিয়তা নিয়ে মানবাধিকার সংগঠন ইকুইটাস ফাউন্ডেশনের পক্ষে সংগঠনের চেয়ারম্যান আবেদনকারী হয়ে ৭ মে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. তানভীর আহমেদ, সঙ্গে ছিলেন আইনজীবী বিপ্লব কুমার পোদ্দার ও এস এম জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

আইনজীবী মো. তানভীর আহমেদ বলেন, দেশব্যাপী পথশিশুদের প্রকৃত অবস্থা সম্পর্কে তদন্ত ও জরিপ কেন পরিচালনা করা হবে না, কঠোর তদারকি ও জবাবদিহির ব্যবস্থা কেন নিশ্চিত করা হবে না এবং সব ধরনের হয়রানি, নির্যাতন, অবহেলা বা শোষণ প্রতিরোধে কেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে।

সমাজকল্যাণসচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইনসচিবসহ বিবাদীদের ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারী পক্ষের এই আইনজীবী।