এসি কিনতে কেমন বাজেট রাখবেন

ছবি: সংগৃহীত
 ছবি: সংগৃহীত

ছয় ঋতুর দেশ বাংলাদেশে এখন আর ঘুরিয়ে–ফিরিয়ে ঋতুবৈচিত্র্য দেখা যায় না। বছরের একটা বড় অংশজুড়ে থাকে তীব্র গরম। মাঝেমধ্যে তা হয়ে ওঠে অসহনীয়। গরমে শীতল পরশ পেতে কার না মন চায়? তাই অনেকেই পরিকল্পনা করেন নতুন এসি কেনার। সে ক্ষেত্রে প্রথমেই ভাবনায় আসে কী ধরনের এসি কিনব? কোন ব্র্যান্ড এবং মডেলের? এরপরই আসে বাজেটের চিন্তা। কত টাকার মধ্যে কেনা হবে পছন্দের এসিটি? এমন ভাবনায় যাঁরা আছেন, তাঁদের জন্যই থাকল দেশের শীর্ষস্থানীয় কিছু ব্র্যান্ডের এসির বর্তমান দামের খোঁজ। তবে বাজারভেদে দামের তারতম্য হতে পারে।

ওয়ালটন
এসির বাজারে দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন বেশ জনপ্রিয়। বাজেটের মধ্যে খুব সহজেই পেয়ে যাবেন ওয়ালটন এসি। বর্তমানে ওয়ালটনের রয়েছে ব্যাপক বিদ্যুৎ-সাশ্রয়ী ইনভার্না, ওশেনাস, ক্রিস্টালাইন, ডায়মন্ড এবং রিভারাইন সিরিজের বিভিন্ন মডেলের এক, দেড় এবং দুই টনের স্প্লিট এসি। ওয়ালটনের এক টনের নন-ইনভার্টার এসির দাম শুরু ৩৬ হাজার ৯০০ টাকা থেকে আর ইনভার্টার এসি ৪৬ হাজার ৮০০ টাকা থেকে। দেড় টনের নন-ইনভার্টার এবং ইনভার্টার এসির দাম শুরু যথাক্রমে ৪৫ হাজার ৯০০ টাকা এবং ৬৪ হাজার ৫০০ টাকা থেকে। ওয়ালটনের দুই টনের নন-ইনভার্টার এবং ইনভার্টার এসির দাম শুরু যথাক্রমে ৭৪ হাজার ৯০০ টাকা এবং ৭৬ হাজার ৪০০ টাকা থেকে।

সিঙ্গার
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার সানজানা মাহমুদ জানান, দেশের বাজারে সিঙ্গারের রয়েছে তিন ধরনের এসি—স্ট্যান্ডার্ড, ইনভার্টার ও সেমি কমার্শিয়াল সিরিজ। স্ট্যান্ডার্ডে রয়েছে এক টন, দেড় টন ও দুই টনের এসি। যেগুলো কেনা যাবে ৩৯ হাজার ৯৯০ থেকে সর্বোচ্চ ৬৯ হাজার ৯৯০ টাকায়। সিঙ্গারের এক টন নন–ইনভার্টার এসি ৪১ হাজার ৬৯০ টাকা এবং ইনভার্টার এসির দাম ৪৪ হাজার ৯৯০; দেড় টনের দাম ৫৮ হাজার ১৯০ থেকে ৬৩ হাজার ৪৯০ টাকা। দুই টন নন–ইনভার্টার এসি ৭২ হাজার এবং ইনভার্টার এসির দাম ৮৩ হাজার ৯৯০ টাকা। সিঙ্গারের সব এসিতেই থাকছে তিন বছরের ওয়ারেন্টি ও ফ্রি ইনস্টলেশন সুবিধা।

হায়ার
বর্তমানে বাংলাদেশে দেড় টন হায়ার ব্র্যান্ডের এসির দাম ৪২ হাজার টাকা থেকে শুরু। তবে হায়ার ব্র্যান্ডের কুল অপারেশন সিস্টেম, এয়ার পিউরিফায়ার টেকনোলজিযুক্ত এসির দাম ৫০ হাজার টাকা থেকে শুরু।

যমুনা
যমুনা নিয়ে এসেছে নিজেদের এক টন এসিতে ইনভার্টার পদ্ধতি। তাদের এক টন ইনভার্টার এসির দাম ৪৫ হাজার ৭২০ টাকা, দেড় টন ৫২ হাজার ৮০০ টাকা। দুই টন ইনভার্টার এসি ৭৮ হাজার ১২০ টাকা এবং নন-ইনভার্টার এসি বিক্রি হচ্ছে ৬৮ হাজার টাকায়।

গ্রি
গ্রি ব্র্যান্ডের এক টন নন–ইনভার্টার এসি ৩৬ হাজার ৪৪৯ টাকা এবং ইনভার্টার এসি ৪৬ হাজার ৪৯৯ টাকা। দেড় টন ইনভার্টার এসি ৪৮ হাজার টাকা এবং দুই টন নন–ইনভার্টার এসির দাম ৬৩ হাজার ৫০০ টাকা।

ভিশন
ভিশন এক টন নন–ইনভার্টার এসি ৩৭ হাজার এবং ইনভার্টার এসি ৪০ হাজার ২০০ টাকা; দেড় টন নন–ইনভার্টার এসি ৫২ হাজার ৮০০ টাকা এবং ইনভার্টার এসি ৬৭ হাজার ২০০ টাকা; দুই টন নন–ইনভার্টার এসি ৬৭ হাজার ৬০০ টাকা এবং ইনভার্টার এসি ৮৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।