চট্টগ্রাম জেলা ও দায়রা জজের আহ্বান

সরকারি আইনি সহায়তা বাস্তবায়নে প্রচারণা ও জনমত সৃষ্টি করতে হবে

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার আয়োজিত আলোচনা সভায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞাসহ অন্য অতিথিরা  
ছবি: প্রথম আলো

বিনা মূল্যে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নে জনসচেতনতা, প্রচার–প্রচারণা ও জনমত সৃষ্টির আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা। আজ শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আজিজ আহমেদ ভূঞা বলেন, এখনো এ দেশের জনগণের একটি অংশ দরিদ্র ও নিরক্ষর। এই জনগণ তাঁদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নন। এসব মানুষ অধিকার লঙ্ঘিত হলে অথবা কোনো আইনি জটিলতায় পড়লে আর্থিক দৈন্য বা সামাজিক প্রতিবন্ধকতার কারণে আইন–আদালতের আশ্রয় নিতে পারেন না। তাঁদের আইনি অধিকার নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সরকার প্রতিবছরের মতো এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে।

জেলা ও দায়রা জজ আরও বলেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক মানসম্মত ন্যাশনাল হেল্পলাইন প্রতিষ্ঠা করা হয়েছে। হেল্পলাইনের নম্বর ১৬৪৩০। সারা দেশের মানুষ যেকোনো প্রান্ত থেকে বিনা মূল্যে এই নম্বরে কল করে আইনি পরামর্শ নিতে পারছেন এবং কোথায় গেলে আইনি সেবা পাবেন, এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছেন।

‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদে৵ এবারের আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন। পরে আদালত প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে লালদীঘি পাড় ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। এরপর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।