কর্ণফুলীর তলদেশে টানেল

সংযোগপথের জটিল কাজও শেষ দিকে

টানেলের দুটি সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে আগেই। এখন চলছে সংযোগপথের কাজ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯১ শতাংশ।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম যোগাযোগপথের (টানেল) দুটি সুড়ঙ্গের খননকাজ আগেই শেষ হয়েছিল। এই দুই সুড়ঙ্গ তিনটি সংযোগপথের (ক্রস প্যাসেজ) মাধ্যমে যুক্ত থাকবে।

তিনটি সংযোগপথের দুটির কাজ শেষ হয়েছে। বাকিটির খননকাজ শেষ হতে ৭ থেকে ১০ দিন লাগতে পারে বলে জানিয়েছেন প্রকল্পের সঙ্গে যুক্ত প্রকৌশলীরা। তিনটি সংযোগপথ নির্মাণের মাধ্যমে টানেলের সবচেয়ে জটিল কাজ শেষ হবে।

সংযোগপথ কী কাজে ব্যবহৃত হবে, জানতে চাইলে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কোনো কারণে একটি সুড়ঙ্গের ভেতরে দুর্ঘটনা ঘটলে তখন লোকজনকে এ সংযোগপথ দিয়ে অন্য সুড়ঙ্গে নিয়ে আসা হবে।

টানেলে তিন ধরনের কাজ রয়েছে। এগুলো হচ্ছে পুরকৌশল, বৈদ্যুতিক ও যান্ত্রিক। এ তিন পর্যায়ের কাজ শেষ হওয়ার পর সমন্বিতভাবে ট্রায়াল বা পরীক্ষামূলক যান চলাচল করবে।
মো. হারুনুর রশীদ চৌধুরী, প্রকল্প পরিচালক

প্রকল্পের তথ্য অনুযায়ী, মূল টানেলের দৈর্ঘ্য ৩ দশমিক ৩২ কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২ দশমিক ৪৫ কিলোমিটার। দুই সুড়ঙ্গের মধ্যে প্রথম সংযোগপথের দৈর্ঘ্য ১২ দশমিক ১৪ মিটার, দ্বিতীয় বা মধ্যবর্তী সংযোগপথের দৈর্ঘ্য ১২ দশমিক ৩৪ মিটার এবং শেষটির দৈর্ঘ্য ১০ দশমিক ৭৪ মিটার। প্রতিটির ব্যাস গড়ে সাড়ে চার মিটার।

দুটি সুড়ঙ্গ খনন করা হয়েছিল টানেল বোরিং মেশিন (টিবিএম) দিয়ে। দুটি সুড়ঙ্গের মধ্যে তিনটি সংযোগপথ বা ক্রস প্যাসেজের খননকাজকে সবচেয়ে বেশি জটিল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করেন প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, টিউবগুলো (সুড়ঙ্গ) খনন করা হয়েছে টিবিএম দিয়ে। কিন্তু টিবিএম দিয়ে ক্রস প্যাসেজ খনন সম্ভব নয়। এগুলো খননে তিনটি ধাপ রয়েছে। প্রথমে ছিদ্র করতে হয়। এরপর পাইপের মাধ্যমে রাসায়নিক পদার্থ দিয়ে তা শীতলীকরণ (ফ্রিজিং) করা লাগে। এরপর কেটে কেটে খনন করতে হয়। এতে অনেক সময়ের প্রয়োজন হয়।

দেশের প্রথম টানেলের নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

১২ সেপ্টেম্বর পর্যন্ত এ টানেলের নির্মাণকাজ ৯১ শতাংশ শেষ হয়েছে। এর মধ্যে পুরকৌশলের (সুড়ঙ্গ খনন, রাস্তা নির্মাণ, সংযোগপথ ইত্যাদি) কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন পুরোদমে চলছে বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ। এর মধ্যে রয়েছে টানেলের ভেতরে বাতি স্থাপন, অগ্নিপ্রতিরোধক বোর্ড বা প্লেট স্থাপন, সাজসজ্জার প্লেট স্থাপন, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, পাম্প স্থাপন, টানেলের ভেতরে বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশন-ব্যবস্থা, ড্রেনেজ-ব্যবস্থা ইত্যাদি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ প্রকল্প বাস্তবায়ন করছে।

সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে, অক্টোবরে টানেলের একটি সুড়ঙ্গ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অন্যটি চালু করা হবে নভেম্বরে। এ ব্যপারে জানতে চাইলে প্রকল্প পরিচালক মো. হারুনুর রশীদ চৌধুরী প্রথম আলোকে বলেন, টানেলে তিন ধরনের কাজ রয়েছে। এগুলো হচ্ছে পুরকৌশল, বৈদ্যুতিক ও যান্ত্রিক। এ তিন পর্যায়ের কাজ শেষ হওয়ার পর সমন্বিতভাবে ট্রায়াল বা পরীক্ষামূলক যান চলাচল করবে।

ট্রায়াল দিতে গেলে হয়তো নতুন নতুন সমস্যা বা জটিলতা বের হয়ে আসতে পারে। কী সমস্যা হতে পারে, তা কিন্তু আগে থেকে জানা নেই। তাই কবে চালু হবে বা উন্মুক্ত করে দেওয়া হবে, তা তাঁর পক্ষে বলা সম্ভব নয়। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত আছে। এর মধ্যে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

প্রকল্প সূত্র জানায়, মূল টানেলের সঙ্গে পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক থাকবে। আর আনোয়ারা প্রান্তে রয়েছে ৭২৭ মিটার দীর্ঘ উড়ালসড়ক। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩৬ মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার। টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৩৭৪ কোটি টাকা।

সর্বশেষ আগস্ট মাসের অগ্রগতি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মূল টানেলের দুটি সুড়ঙ্গের খননকাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ২ হাজার ৪৫০ মিটার দীর্ঘ প্রথম সুড়ঙ্গের (পতেঙ্গা থেকে আনোয়ারামুখী) লেন স্ল্যাবের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। পেভমেন্ট স্ল্যাবের নির্মাণকাজ হয়েছে ৭৬ শতাংশ।

আর দ্বিতীয় সুড়ঙ্গের (আনোয়ারা থেকে পতেঙ্গামুখী) লেন স্ল্যাবের ঢালাইয়ের কাজও শেষ হয়েছে। আর পেভমেন্ট স্ল্যাবের কাজ সম্পন্ন হয়েছে ৯৩ শতাংশ। এ ছাড়া দুটি সুড়ঙ্গের ভেতরে অগ্নিপ্রতিরোধক বোর্ড এবং বাইরে উন্মুক্ত জায়গায় বৃষ্টি থেকে রক্ষায় ছাউনি স্থাপনের কাজ চলছে।

এদিকে আনোয়ারা প্রান্তে ৭২৭ মিটার দীর্ঘ উড়ালসড়কের কাজ শেষ হয়েছে। টানেলের দুই প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটারের সংযোগ সড়কের নির্মাণকাজ চলমান। আগস্টে মাসভিত্তিক নির্মাণকাজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ দশমিক ১৬ শতাংশ। এর বিপরীতে বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ২ শতাংশ।

কর্ণফুলী নদীতে শহর অংশে দুটি সেতু নির্মিত হয়েছে। তবে তা যানবাহনের চাপ সামলাতে যথেষ্ট নয়। এ জন্য টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, চুক্তি সই হয় ২০১৫ সালের ২৪ নভেম্বর। এর আগে ২০১৪ সালে প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীনের সরকারি পর্যায়ে সমঝোতা স্মারক সই হয়।

এরপর টানেল নির্মাণের জন্য মনোনীত করা হয় চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) লিমিটেডকে। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের নির্মাণকাজ উদ্বোধন করেন।

প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, টানেল দিয়ে যান চলাচল শুরু হলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামগামী যানবাহনকে আর চট্টগ্রাম শহরে প্রবেশ করতে হবে না। সিটি আউটার রিং রোড হয়ে টানেলের মাধ্যমের দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে। এতে চট্টগ্রাম শহরে যানবাহনের চাপ কমে যাবে।