হাটের ভিড়বাট্টা এড়িয়ে খামারে গরু কেনা

জেলায় ছোট-বড় অন্তত সাড়ে তিন হাজার খামার রয়েছে। এর মধ্যে নগরে আছে দেড় শতাধিক খামার। এর মধ্যে বড় খামার ৫০টি।

খামারে জমে উঠেছে কোরবানির পশুর বেচাকেনা। খামার থেকে দেখের গরু কিনে নিচ্ছেন ক্রেতারা। বেলা ১টায় চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা, ২৪ জুন
ছবি: সৌরভ দাশ

‘হাটে হাজারো মানুষের সমাগম। ভিড়বাট্টা বেশ। বর্ষার কাদাপানি মাড়িয়ে গরু পছন্দ করাও কষ্টসাধ্য। কিন্তু খামারে এসব ঝামেলা নেই। পকেটমারের খপ্পরেও পড়তে হয় না। বরং শান্ত পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে গরু পছন্দ করা যায়। এই কারণেই এবার খামার থেকে গরু কিনলাম।’ আজ শনিবার দুপুরে প্রথম আলোর এ প্রতিবেদককে এসব কথা বলছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা এম মুজাহিদুল ইসলাম।

স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি এসেছিলেন চট্টগ্রাম নগরের বায়েজিদ সড়কে অবস্থিত ইউনিচ্যাম অ্যাগ্রোতে। ছেলের পছন্দে লাল টুকটুকে একটি দেশি গরু তিনি কিনে নেন। নগরের ও আর নিজাম সড়কের এই বাসিন্দা প্রথম আলোকে বলেন, সাগরিকা হাট থেকেই আগে তিনি গরু কিনতেন। কিন্তু সেখানে গিয়ে অনেকক্ষণ ঘুরতে হয়। এ ছাড়া সম্পূর্ণ অপরিচিত ব্যাপারীর কাছ থেকে গরু কিনতে হতো। ঝুঁকি থাকত। কোনো অভিযোগ থাকলেও সেটি জানানো যেত না। এ কারণে এ বছর তিনি খামার থেকে কিনলেন। এতে সময় যেমন বেঁচেছে, তেমনি ভোগান্তিও পোহাতে হয়নি।

খামার থেকে গরুর কেনার পর মুজাহিদুল ইসলামের ছেলে ছবি তোলে নেন

অবশ্য শুধু মুজাহিদুল ইসলাম নন, তাঁর মতো এমন আরও অনেক ক্রেতাই ভোগান্তি এড়াতে খামার থেকে কোরবানির পশু কিনছেন। অনেকে মাসখানেক আগে থেকেই বিভিন্ন খামারে গরু নির্বাচন করে রেখেছেন। ঈদের আগের দিন তাঁরা ঘরে নেবেন। আবার অনেকে এখন ঘুরে ঘুরে দেখছেন। দাম ও পছন্দসই গরু কিনে নিচ্ছেন। গতকাল নগরের বিভিন্ন খামার ঘুরে খামারি ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ইউনিচ্যাম অ্যাগ্রোর চেয়ারম্যান রকিবুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, এবার তাঁরা ১২৫টি গরু ঈদের জন্য প্রস্তুত করেছেন। শাহিওয়াল, দেশি, ব্রাহমা জাতের গরু রেখেছেন তাঁরা। এসব গরুর বয়স দুই থেকে তিন বছর। ৯৫ হাজার থেকে একেবারে ১০ লাখ টাকার গরুও আছে। ইতিমধ্যে ৫০ শতাংশ গরু বিক্রি হয়ে গেছে। অনেকে মাসখানেক আগে থেকেই গরু কিনে রেখেছেন। গতকাল এম মুজাহিদুল ইসলাম যে গরুটি কিনেছেন, সেটির ওজন প্রায় সাড়ে আট মণ। দাম পড়েছে ৩ লাখ ৪০ হাজার টাকা।

প্রাণিসম্পদ অধিদপ্তর চট্টগ্রাম জেলা বলছে, ইউনিচ্যামের মতো চট্টগ্রাম জেলায় ছোট–বড় অন্তত সাড়ে তিন হাজার খামার রয়েছে। এর মধ্যে নগরে আছে দেড় শতাধিক খামার। বড় আকারের খামার রয়েছে ৫০টি। যেখানে পশুর সংখ্যা ১৫০ থেকে ৫০০টি।

নগরের বায়েজিদে অবস্থিত ইউনিচ্যাম, সিটি অ্যাগ্রো, নাহার অ্যাগ্রো, শাহ আমানত অ্যাগ্রো, এশিয়ান অ্যাগ্রো ও চৌধুরী র‍্যাঞ্চের মতো বড় কয়েকটি খামারে গিয়ে দেখা যায়, বিভিন্ন জাতের ও আকারের গরু সারি করে রাখা। ক্রেতারা পরিবার নিয়ে এসেছেন পশু দেখতে। দাম–দর করে কিনেও নিচ্ছিলেন কেউ কেউ।

চৌধুরী র‍্যাঞ্চের খামারে গরু দেখতে এসে আদর করছে এক শিশু

খামারে ব্যস্ততা

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলির ঈশান মহাজন সড়কের এক প্রান্তে সিটি অ্যাগ্রো। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি কোরবানির পশু প্রস্তুত করছে। এবার ১৫৪টি গরু আছে খামারে। তবে এরই মধ্যে ১০০টি বিক্রি হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার এনামুল হক প্রথম আলোকে বলেন, তাঁদের খামারে শাহিওয়াল, দেশি, সিন্ধি, নেপালি গির, জার্সি ও ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে। সর্বনিম্ন ৮৩ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৬ লাখ টাকার গরু পাওয়া যাচ্ছে। অনলাইনে ও সরাসরি খামারে এসে ক্রেতারা গরু পছন্দ করছেন। দামে মিলে গেলে কিনে নিচ্ছেন। গতকালই বিক্রি হয়েছে ছয়টি।

তিন বছর ধরে সিটি অ্যাগ্রো থেকে গরু কিনছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা মিজানুর রহমান। গতকালও এই প্রতিষ্ঠান থেকে শাহিওয়াল জাতের একটি গরু কেনেন তিনি। ৫ মণ ওজনের এ গরুর জন্য গুনতে হয় ১ লাখ ৮৭ হাজার টাকা। মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আগে হাট থেকেই গরু কিনতেন। কিন্তু তিন বছর ধরে বাসার পাশের খামার থেকে কিনে তিনি বুঝেছেন, এখানে ঝামেলা কম। মানও ভালো। তাই এবারও এই কিনলেন।

অন্যদিকে নাহার অ্যাগ্রো এবার সাড়ে পাঁচ শ গরু বিক্রি করছে। তারাও অনলাইনে সরব। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক সোহেল রানা জানান, দেড় লাখ থেকে ৭ লাখ টাকার গরু রয়েছে। শাহিওয়াল, ফ্রিজিয়ান ও দেশি গরুই তাঁরা রেখেছেন। ইতিমধ্যে ৪০০ গরু বিক্রি হয়ে গেছে। বাকি গরুও বিক্রি হয়ে যাবে।

পতেঙ্গার ফুলছড়ি পাড়ায় অবস্থিত শাহ আমানত অ্যাগ্রো। ২০১৪ থেকে প্রতিষ্ঠানটি পশু বিক্রি করছে। এ বছর ৬০টি গরু বিক্রি জন্য রেখেছিল। এর মধ্যে ৩০টিই বিক্রি হয়ে গেছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, এবার গরুর দাম একটু বেশি। পশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বাড়াতে হয়েছে।

খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, খামারে প্রতি মণ ৩৫ থেকে ৪০ হাজার টাকা পড়ছে এবার। অনেকেই ওজন করে গরু বিক্রি করছেন। আবার অনেকে রং এবং ওজন দেখেই গরু কিনছেন।  

জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর প্রথম আলোকে বলেন, নগরের দেড় শতাধিক খামারে ৩৫ হাজার গরু ও ছাগল রয়েছে। ক্রেতারা ঝক্কি এড়াতে খামারমুখী হচ্ছেন।