ইউনাইটেড হাসপাতাল এখন ‘কন্টিনেন্টাল হাসপাতাল’

বেসরকারি ইউনাইটেড হাসপাতাল লিমিটেড এখন থেকে ‘কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি’ নামে পরিচালিত হবে। চার দশক আগে যে নামে হাসপাতালটির যাত্রা শুরু হয়েছিল, সেই নামেই আবার ফিরে গেল প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি জানায়, দেশেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের চিকিৎসার জন্য বিদেশ–নির্ভরতা কমানোর লক্ষ্যকে সামনে রেখে নাম পরিবর্তন করা হয়েছে।

১৯৮৫ সালে ‘কন্টিনেন্টাল হাসপাতাল’ নামে প্রতিষ্ঠানটি নিবন্ধিত হয়। পরে ২০০৪ সালে এটি একটি বেসরকারি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। ২০০৬ সালে ‘ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে’ হিসেবে কার্যক্রম পরিচালনা শুরু করে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক তালহা ইসমাইল বলেন, ‘আমাদের শিকড় শক্তিশালী, ভিত্তি মজবুত এবং কমিউনিটির প্রতি আমাদের দায়িত্ব অটুট। আমরা এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যার জন্য ভবিষ্যৎ প্রজন্ম গর্বিত হবে। আমরা জাতীয় ও আঞ্চলিক উভয় স্তরের প্রতিটি ধাপেই স্বাস্থ্যসেবার উৎকর্ষ, উদ্ভাবন এবং বিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’