
গুম, খুনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদ করার অনুমতিও দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে শেখ মামুন খালেদের উপস্থিতিতে ট্রাইব্যুনাল এই অনুমতি দেন।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে যে গুম ও খুন, আয়নাঘর এবং বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, তার অনেকগুলোর সঙ্গে মামুন খালেদ জড়িত বলে প্রসিকিউশনের কাছে তথ্য আছে। সে কারণে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদেরও আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালের অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনও করা হয়েছে। ট্রাইব্যুনাল দুটি আবেদনই মঞ্জুর করেছেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামুন খালেদকে জিজ্ঞাসাবাদ করবে।
মামুন খালেদকে গত ২৫ মার্চ গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে আটক করে ডিবি। মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি একই পদে ছিলেন। এরপর ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন।
গ্রেপ্তারের পর মামুন খালেদকে জুলাই গণ-অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুবার রিমান্ডে নেওয়া হয়।