পাইলট নিয়োগে দুর্নীতির মামলায় অভিযোগপত্র চূড়ান্ত দুদকের

দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক)

ক্যাডেট পাইলট নিয়োগে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও আবুল মুনীম মোসাদ্দিক আহমেদসহ চারজনকে আসামি করে অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ওই নিয়োগে অনিয়ম করে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ আনা হচ্ছে।

অভিযোগপত্রভুক্ত অন্য তিন আসামি হলেন ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল (সাবেক পরিচালক, ফ্লাইট অপারেশনস, বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও), পার্থ কুমার পণ্ডিত (সাবেক পরিচালক, প্রশাসন, বর্তমানে বিমান ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ) ও ফখরুল হোসেন চৌধুরী, বিমানের ব্যবস্থাপক (নিয়োগ)।

আজ বুধবার দুদক অভিযোগপত্র অনুমোদন দিয়েছে। শিগগির অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

২০১৮ সালে ক্যাডেট পাইলট নিয়োগ করা হয়। এ নিয়োগে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা মানা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়। বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল মুনীম মোসাদ্দিক আহমেদের নিকটাত্মীয়ও নিয়োগ পান।

এ বিষয়ে অভিযোগ আমলে নিয়ে দুদক অনুসন্ধানের পর ২০১৯ সালের ২৫ নভেম্বর আবুল মুনীম মোসাদ্দিক আহমেদসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। দীর্ঘ তদন্তের পর অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুদক।

আসামিদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুদক।