টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ১৯২

টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ১৯২তম স্থান অধিকার করেছে। বৃহস্পতিবার দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে আয়োজিত এশিয়া ইউনিভার্সিটিস সামিটে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম হংকংয়ের অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ‘এই অর্জন শুধু এনএসইউর অগ্রগতিই প্রদর্শন করে না, বরং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর যোগ্যতা ও দক্ষতার একটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করে। স্থানীয় এবং বৈশ্বিক শিক্ষাগত মানের ব্যবধান দূর করে আমরা দৃঢ় সংকল্পের সঙ্গে এগিয়ে যাচ্ছি এবং এশীয় অঞ্চলে আমাদের অবস্থানকে দৃঢ় করছি।’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এশিয়ার ৬৬৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মোট পাঁচটি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, এর মধ্যে এনএসইউর অবস্থান দ্বিতীয়। র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করতে পাঁচটি নির্ণায়ক ব্যবহার করা হয়। সেগুলো হলো শিক্ষা, গবেষণা, উদ্ধৃতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্প আয়।