
কিছু অসৎ ও অকর্মণ্য লোকের জন্য দেশের ক্ষতি হচ্ছে উল্লেখ করে হাইকোর্ট বলেছেন, ‘বাইরের লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের চোখ রাঙায়। আমাদের দিকে চোখ রাঙানোর সাহসই পেত না— এদের চেয়ে বড় প্রতারক আর কেউ নেই। ...এরা সাহসই পেত না, যদি আপনাদের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের জন্য।’
কারাগারে চিকিৎসক সংযুক্তি নিয়ে অগ্রগতিবিষয়ক শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলীর চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার কারা অধিদপ্তরের আইনজীবীর উদ্দেশ্যে এসব কথা বলেন। শুনানি নিয়ে আদালত চিকিৎসক সংযুক্তি বিষয়ে আগামী এক মাসের মধ্যে অগ্রগতি জানাতে বলেছেন।
কারাগারে বন্দীর ধারণ ক্ষমতা, বন্দীর পরিসংখ্যান, চিকিৎসকের সংখ্যা ও চিকিৎসকের শূন্য পদ পূরণ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন। ২০২০ সালের ২৯ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে বন্দিদের চিকিৎসাসেবা নিশ্চিতে দেশের কারাগারগুলোয় অনুমোদিত ১১৭টি শূন্য পদে কারা চিকিৎসক নিয়োগ দিতে নির্দেশ দেন। এরপর আদালতের আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে নির্দেশনা চেয়ে গত বছরের ৩০ অক্টোবর সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী। গত বছরের ১৫ নভেম্বর হাইকোর্ট বন্দীদের চিকিৎসার জন্য কারাগারে শূন্য পদে ডেপুটেশনে (প্রেষণে) চিকিৎসক নিয়োগ দিয়ে এ বিষয়ে অগ্রগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেন। এর ধারাবাহিকতায় বিষয়টি ওঠে।
আদালতে রিটের পক্ষে আইনজীবী জে আর খান রবিন নিজেই শুনানি করেন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে আইনজীবী তীর্থ সলিল পাল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান শুনানি করেন। কারা অধিদপ্তরের পক্ষে আইনজীবী মো. সফিকুল ইসলাম অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিল করেন।
শুনানিতে কারা অধিদপ্তরের আইনজীবী সফিকুল ইসলাম বলেন, কারা চিকিৎসকের ১৪১টি অনুমোদিত পদের বিপরীতে এখন ১৩৮ জন চিকিৎসক আছেন। কারাগারসহ সমন্বিত মেডিকেল ইউনিট গঠন বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে তথ্যাদি ও চাহিদাপত্র পাঠানো হয়েছে।
আদালত বলেন, চিঠি দিয়েই দায়িত্ব শেষ মনে করছেন। যাঁদের আটকে রেখেছেন, তাঁদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা যদি না করেন, তাহলে হলো? তখন সফিকুল ইসলাম বলেন, ‘সর্বাত্মক চেষ্টা করছি।’
শুনানির একপর্যায়ে এই আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, ‘একটি মেয়েকে ঠিক রাখতে পারলেন না আপনারা।…কিসের কারাগার চালান আপনারা? সব কিছুর সীমা আছে। সরকারের চেষ্টার কমতি নেই, টাকা দিতেও কম দেয় না। অসৎ এবং অকর্মণ্য কিছু লোকজনের জন্য দেশটার ক্ষতি হচ্ছে। বাইরের লোকজন আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের চোখ রাঙায়। আমাদের দিকে চোখ রাঙানোর সাহসই পেত না—এদের চেয়ে বড় প্রতারক আর কেউ নেই। সারা পৃথিবী ধ্বংস করে দিছে, পৃথিবী থেকে রক্ত চুষছে তারা। তারাই আজকে সবচেয়ে মানবাধিকারের কথা বলে। এরা সাহসই পেত না যদি আপনাদের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের জন্য। ঠিক হোন।’
এরপর শুনানিতে অংশ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আইনজীবী তীর্থ সলিল পাল বলেন, চলতি বছরের ১৭ জানুয়ারি ৯০ জন এবং সর্বশেষ গত ২৯ মে ২৮ জন চিকিৎসক দেওয়া হয়েছে। আদালত বলেন, কারাগারে মানুষকে আটকে রাখলে তার মৌলিক অধিকারের বিষয়টি নিশ্চিত করা উচিত। তখন তীর্থ সলিল পাল বলেন, নিয়মিত চিকিৎসক দেওয়া হচ্ছে।
শুনানির একপর্যায়ে আদালত বলেন, আমরাও গ্রামের বাড়িতে যাই। সচরাচর দেখি প্রতি উপজেলায় যদি ১৪ জন চিকিৎসক ও জেলায় ২০ জন চিকিৎসক থাকেন, সেখানে মাত্র সাত–আটজন কাজ করছেন।
এরপর চিকিৎসক নিয়োগ ও মেডিকেল ইউনিট গঠন বিষয়ে অগ্রগতি জানাতে তিন মাস সময়ের আরজি জানান কারা অধিদপ্তরের আইনজীবী মো. সফিকুল ইসলাম। তার উদ্দেশে আদালত বলেন, ‘তিনজনের জন্য তিন মাস চাচ্ছেন। মেডিকেল ইউনিট বিষয়ে কুমিরের ছানা দেখাবেন না। ডাক্তার আছে কি না, সেটিই দেখব। ডাক্তার থাকবে তা নিশ্চিত করতে হবে।’
ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোঁজ নেবেন। ইউনিট বিষয়ে কথা বলবেন, অগ্রগতি জানাবেন।’ এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান তিন মাস সময়ের আরজি জানান। তখন তাকে উদ্দেশ করে আদালত বলেন, কাজ করলে সাত দিনের বিষয়। এক মাসের মধ্যে জানাবেন।