ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা ও তাঁর স্ত্রীর জামিন স্থগিত

ধর্ষণ
প্রতীকী ছবি

ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির এবং তাঁর স্ত্রী নিগার আফতাবকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাঁদের টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রীর আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। গোলাম কিবরিয়া টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব।

এর আগে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ১৮ এপ্রিল ওই মামলায় কিবরিয়া ও তাঁর স্ত্রী নিগারকে আগাম জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা আজ আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্ট ওই মামলায় গোলাম কিবরিয়া ও তাঁর স্ত্রী নিগার আফতাবকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন। এ জামিন স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত দুই সপ্তাহের মধ্যে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন।’

এক কিশোরী বাদী হয়ে ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাবকেও মামলায় আসামি করা হয়।

এজাহারে ওই কিশোরী উল্লেখ করেছে, গোলাম কিবরিয়া তাঁর আত্মীয় ও পূর্বপরিচিত। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে ওই কিশোরীর বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের বিষয়টি গোলাম কিবরিয়াকে জানানোর পর তিনি সমস্যা সমাধান করে দেওয়ার আশ্বাস দেন।

এজাহারে ওই কিশোরী (১৭) অভিযোগ করে, গত বছরের ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া শহরের আদালতপাড়ায় নিজের বাড়ির পাশের একটি ভবনে ওই কিশোরীকে ডেকে নেন। সেখানে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে গোলাম কিবরিয়া তাকে একটি কক্ষে আটকে রাখেন। পরে তাকে ধর্ষণ করে তার আপত্তিকর ছবি তুলে রাখা হয়। বিষয়টি কাউকে না বলার জন্য গোলাম কিবরিয়া তাকে ভয়ভীতি দেখান। আপত্তিকর ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি গোলাম কিবরিয়া জানার পর গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দিতে থাকেন। তবে ওই কিশোরী রাজি না হওয়ায় গত ২৯ মার্চ রাত আটটার দিকে গোলাম কিবরিয়া ওই কিশোরী তুলে নিয়ে আদালতপাড়ার একটি বাড়িতে যান। সেখানে একটি কক্ষে ওই কিশোরীকে তালাবদ্ধ করে রেখে গোলাম কিবরিয়া আবার ধর্ষণ করেন। এ ঘটনার পর গোলাম কিবরিয়ার স্ত্রী নিগার আফতাব ওই কিশোরীকে মারধর করেন। পরে দিবাগত রাত তিনটার ওই কিশোরীকে বাড়িতে রেখে আসা হয়।