জ্বরে আক্রান্ত শিশু মুশনান। হাসপাতালের মশারিঘেরা বিছানাটিই এখন তার পুরো জগৎ। পায়ে ছবি এঁকে সময় কাটাচ্ছে সে। ছবিটি সম্প্রতি শিশু হাসপাতালের ডেঙ্গু সেল থেকে তোলা
জ্বরে আক্রান্ত শিশু মুশনান। হাসপাতালের মশারিঘেরা বিছানাটিই এখন তার পুরো জগৎ। পায়ে ছবি এঁকে সময় কাটাচ্ছে সে। ছবিটি সম্প্রতি শিশু হাসপাতালের ডেঙ্গু সেল থেকে তোলা

ডেঙ্গু পরিস্থিতি

ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ

ডিসেম্বরে ৩ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। মারা গেছেন ১২ জন।

প্রতিবছর ডিসেম্বরে ডেঙ্গুর প্রকোপ কমে যায়। এ বছর তার ব্যতিক্রম। এ বছরের ডিসেম্বর মাসে এ পর্যন্ত ৩ হাজার ১৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২ জন।

গত ১১ মাসে ডেঙ্গুতে মারা গেছেন ২৬৬ জন। ডেঙ্গুতে এত বেশি মৃত্যু আর কোনো বছর দেখা যায়নি। এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। এই এক মাসেই মারা গেছেন ১১৩ জন।

* ১১ মাসে ডেঙ্গুতে মৃত্যু ২৬৬ জন। * বেশি মৃত্যু নভেম্বরে, ১১৩ জন। * এ বছর কম বয়সীদের মধ্যে মৃত্যু বেশি দেখা গেছে। * ঢাকার পর সবচেয়ে বেশি রোগী মারা গেছেন কক্সবাজার জেলায়। * ডেঙ্গুর ধরন চারটি। অন্য বছরগুলোতে ডেঙ্গুর একটি ধরনে মানুষ আক্রান্ত হতে দেখা গেছে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ডেঙ্গুর যে সর্বশেষ তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত ২২৪ জন নতুন রোগী দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫২২।

বরাবরের মতো এ বছরও ঢাকা শহরে ডেঙ্গু রোগী বেশি দেখা যায়। এ বছরও তা-ই। এ বছর ঢাকা শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ৩৭ হাজার ৫৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে এ বছর সবচেয়ে বেশি রোগী দেখা গেছে চট্টগ্রাম জেলায়। চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ২৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে ঢাকার পর সবচেয়ে বেশি রোগী মারা গেছেন কক্সবাজার জেলায়। কক্সবাজারে এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।

ডেঙ্গুর ধরন আছে চারটি। অন্য বছরগুলোতে ডেঙ্গুর একটি ধরনে মানুষ আক্রান্ত হতে দেখা গেছে। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) বিজ্ঞানীরা বলেছেন, এ বছর ডেঙ্গুর তিনটি ধরনে মানুষ আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, ডেঙ্গু রোগীদের পরিস্থিতি হঠাৎ করেই বেশি খারাপ হতে দেখা যাচ্ছে। কেন এমন হচ্ছে তা নিয়ে গভীর অনুসন্ধান ও গবেষণার কথাও তাঁরা বলেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা তাদের এক পর্যালোচনায় বলেছে, ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন বিলম্বে, পরিস্থিতি খারাপ হওয়ার পর। মৃতদের তথ্যে দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তির প্রথম তিন দিনেই বেশি রোগীর মৃত্যু হচ্ছে। অন্যদিকে এ বছর কম বয়সীদের মধ্যেও মৃত্যু বেশি দেখা গেছে।