ওয়েবিনারে বক্তারা

ভোটার–খরা থাকলে নির্বাচনে জনমতের প্রতিফলন হয় না

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ (বাঁয়ে), যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক আলী রীয়াজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল (ডানে)
ফাইল ছবি

নির্বাচনে বিরোধী দল বা শক্ত প্রতিদ্বন্দ্বী থাকবে না, আর ভোটকেন্দ্রে থাকবে ভোটার–খরা—এটিই যেন এখন নির্বাচনের ধারা। এ ধরনের নির্বাচনে জনমতের যথাযথ প্রতিফলন হয় না। কিন্তু ক্ষমতাসীনেরা একে ‘সংকট’ হিসেবে না দেখে ‘সুযোগ’ হিসেবে নিয়েছে। নির্বাচনের এই ধারা ভাঙতে হবে। বিরোধী দলগুলোরও এখানে ব্যর্থতা আছে, ক্যারিশম্যাটিক নেতৃত্বের অভাবে তারা সাধারণ মানুষকে টানতে পারছে না।

আজ মঙ্গলবার ‘সিটি করপোরেশন নির্বাচন: রাজনীতির জন্যে কী ইঙ্গিত’ শীর্ষক এক ওয়েবিনারে এমন অভিমত উঠে আসে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এই ওয়েবিনারের আয়োজন করে।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ। তিনি বলেন, যেখানে সঠিক নির্বাচনী ব্যবস্থা আছে, সেসব দেশে জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন স্থানীয় সরকার বা অন্যান্য নির্বাচন থেকে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যায়। শাসক দলের প্রতি মানুষের কতটুকু আস্থা আছে, কতটুকু আগ্রহ আছে, তার একটি ইঙ্গিত এ ধরনের মধ্যবর্তী সময়ের নির্বাচনে পাওয়া যায়।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনের চিত্র তুলে ধরে তোফায়েল আহমেদ বলেন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার ব্যাপারেও আগ্রহ নেই। বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতা নেই, ভোটের প্রতি মানুষ অনাগ্রহী, ভোটকেন্দ্রে ভোটার–খরা—এটাই যেন এখন নির্বাচনের ধারা। যত কম মানুষ ভোটকেন্দ্রে যাবে, ক্ষমতাসীনদের তত সুবিধা। খরচ কম, ঝুঁকিও কম। আর আইনগতভাবেও এমন নির্বাচনের কোনো বাধা নেই।

তোফায়েল আহমেদ মনে করেন, শুধু আইনি বাধ্যবাধকতা থেকে এখন নির্বাচন করা হচ্ছে। তিনি বলেন, মানুষ নানা কারণে ক্ষুব্ধ, কিন্তু তারা কোনো উপায় পাচ্ছে না।
সিটি করপোরেশন নির্বাচন থেকে কী ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সে বিষয়ে নিজের বক্তব্যে তা তুলে ধরেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ‘উকিল মডেল’ একটি ধাক্কা খেয়েছে।‌‌‌‌

সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না; ভোট একটি রুটিন কাজে পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনে যে ইভিএম ব্যবহার করা যাবে না, সেটি কেন সিটি নির্বাচনে ব্যবহার করা হচ্ছে, তার কোনো ব্যাখ্যা কমিশন দিচ্ছে না।

আলী রীয়াজ বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিল, কি নিল না, তাতে কিছু যায়–আসে না। তারা আত্মহত্যা করতে চাইলে সেটি তাদের ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ আত্মহত্যা করতে চায়নি। তাদের ভোটাধিকার দিতে হবে।
 
জনগণকে দোষ দেওয়া ঠিক হবে না—এমন মন্তব্য করে অধ্যাপক রীয়াজ বলেন, প্রতিষ্ঠানগুলো চূর্ণ করে ফেলা হয়েছে। একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। এগুলো আমলে না নিয়ে শুধু জনগণকে দোষ দেওয়া যাবে না। মানুষ বিকল্প চায় কি না, সে জন্য তাকে সুযোগ দিতে হবে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, জনগণ কী মনে করে, সেটা বোঝার একমাত্র উপায় হলো একটি সুষ্ঠু নির্বাচন। বর্তমান সরকারের আমলে লাখ লাখ মানুষের নামে ভুয়া, গায়েবি মামলা হয়েছে—এমন অভিযোগ করে তিনি বলেন, তারপরও বিরোধী দলের কর্মসূচিতে প্রচুর লোকসমাগম হচ্ছে। মানুষ নীরব, এটি ঠিক নয়। জনগণ ভোট দিতে যাচ্ছে না, এটিও একধরনের রেসপন্স (প্রতিক্রিয়া), এটি হলো প্রত্যাখ্যান।

এখন যেভাবে নির্বাচন হচ্ছে, তা সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী দাবি করে আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভালো নির্বাচন হয়, এটি প্রমাণিত। এই ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। অথবা বর্তমান সরকারপ্রধানকে পরিবর্তন করে নির্বাচনকালীন একটি সর্বদলীয় সরকার গঠন করা যায়।

মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেন সাবেক সচিব আবু আলম শহিদ খান। তিনি বলেন, গণকর্মচারীরা ভালো নির্বাচন করতে পারেন, এটির প্রমাণ আছে। সরকার যদি হস্তক্ষেপ না করে এবং সুষ্ঠু নির্বাচনের নির্দেশনা দেয়, তাহলে তারা সেভাবে নির্বাচন পরিচালনায় সক্ষম। তখনই ভালো নির্বাচন সম্ভব হবে, যখন নির্বাচনকালীন সরকার ভালো নির্বাচন চাইবে। তত্ত্বাবধায়ক সরকারও যদি ক্ষমতায় থাকে এবং তারা সুষ্ঠু ভোট না চায়, তাহলে ভোট সুষ্ঠু হবে না।

সমাপনী বক্তব্যে বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক জাহিদুর রহমান বলেন, বাংলাদেশের মতো নির্বাচন পরিস্থিতি আর কোথাও বিরাজ করছে না। এমনকি থাইল্যান্ড মিয়ানমার যেখানে জান্তা সরকার সেখানেও ভালো নির্বাচন হচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনির্ভাসিটি, মালয়েশিয়ার অধ্যাপক মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সাংবাদিক মনির হায়দার।