
বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ–১৪৩৩ বরণের প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই প্রস্তুতি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নববর্ষের এই প্রস্তুতির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, বাঙালির এই সর্বজনীন উৎসবকে সফল করতে ইতিমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরের মতোই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদ্যাপনে বদ্ধপরিকর।
উৎসবের সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য সায়মা হক অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টররা, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর থেকেই চারুকলা প্রাঙ্গণে শুরু হয়েছে শিল্পীদের ব্যস্ততা। মঙ্গল শোভাযাত্রার মূল কাঠামো নির্মাণ ও অন্যান্য অনুষঙ্গ তৈরির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বলে জানা গেছে।