
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলমসহ ২৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পঞ্চমবারের মতো পিছিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ সোমবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু পাঁচ আসামি মামলা থেকে অব্যাহতি ও সময় আবেদন করেন।
মামলার বাদী সুদীপ্তর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মেঘনাথ বিশ্বাস মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলির দাবি জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বারবার এসে ফিরে যাই। কবে বিচার শুরু হবে জানি না।’
অভিযোগ গঠনের মাধ্যমে আসামিদের আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হয় থাকে। এর আগে গত ২০ জুন, ২৪ এপ্রিল, ২২ মার্চ ও ১৯ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও তা হয়নি।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি দিদারুল আলমসহ পাঁচজন মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। একই সঙ্গে শুনানির জন্য তাঁরা সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
২০১৭ সালের ৬ অক্টোবর নগরের নালাপাড়া এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় নগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। ফেসবুকে লেখালেখির জেরে দলীয় কোন্দলের কারণে তাঁকে খুন করা হয় বলে তদন্তে উঠে আসে।
সুদীপ্তর বাবার করা মামলায় গত বছরের ১ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
অভিযোগপত্রে নগরের লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওরফে মাসুমকে হত্যার নির্দেশদাতা ও আইনুল কাদেরকে নেতৃত্বদানকারী বলা হয়। তবে দিদারুল এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।