
আবারও গণিতের আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের অংশীদার হলো বাংলাদেশ। বুলগেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় (ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস কম্পিটিশন) অংশ নিয়েছিল বাংলাদেশ। তৃতীয়বারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২টি ব্রোঞ্জ, ৪টি সম্মানসূচক পদক এবং দলগত প্রতিযোগিতায় বাংলাদেশ দল দ্বিতীয় রানার্সআপ পদক অর্জন করে।
১ জুলাই শুরু হয় প্রতিযোগিতা। শেষ হয় আজ শুক্রবার। পুরো আয়োজনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। কি-স্টেজ ৩–এ (লোয়ার সেকেন্ডারি ক্যাটাগরি) ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জপদক অর্জন করে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান এবং ময়মনসিংহ জিলা স্কুলের শিক্ষার্থী তাহসিন খান। সম্মানসূচক পদক অর্জন করে খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী খান রাফিউল ইসলাম লিয়ান।
দলগত ইভেন্টেও চমক দেখিয়েছে বাংলাদেশ। এ ইভেন্টে সর্বমোট ১৬৫ নম্বর পেয়ে বাংলাদেশ দল বিজিডি ৩ এ দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ গ্রুপে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মনামী জামান, খুলনা জিলা স্কুলের শিক্ষার্থী খান রাফিউল ইসলাম লিয়ান, বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থী আবদুল্লাহ আল জারীফ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী।
কি-স্টেজ ৩ (লোয়ার সেকেন্ডারি) ক্যাটাগরিতে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য সাদ বিন কুদ্দুছ ও অতনু রায় চৌধুরী। উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ একাডেমিক সদস্য নিসর্গ নন্দন ও তাহমীম নূর জাহিন।
কি স্টেজ ২–এ (আপার প্রাইমারি ক্যাটাগরি) অংশগ্রহণ করেও ৩ টি সম্মানসূচক পদক লাভ করে বাংলাদেশ। এতে অংশগ্রহণ করে রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী আহবাব জুলফিকল জাহিন, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী অহন বণিক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী রিশান আন নাফি।
এখানে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য মো. মোহতাসিম ফুয়াদ ও জ্যোতি সিংহ। উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক সদস্য মোহাম্মদ মাজেদুর রহমান ও মোহাইমিনুল ইসলাম।
বাংলাদেশ দলের সমন্বয়ক মো. তুরাব হক (পায়েল) বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আশাতীত ভালো ফল করেছে। তৃতীয়বারেই এ সাফল্যের পেছনে রয়েছে আমাদের জাতীয় প্রাইমারি ও জুনিয়র ক্যাম্পের প্রভাব। এ ক্যাম্পের মাধ্যমেই তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি ও অংশগ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’