আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রায় চরম অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের ভোগান্তির অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘যাত্রীসাধারণকে এবারের ঈদযাত্রায় সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রতিবছর ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ নাড়ির টানে নিজ নিজ গন্তব্যে ছুটে যান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সড়ক, রেল ও নৌপথে যানজট, টিকিটসংকট, অনিয়ম এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যাচ্ছে।’
এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক ও অনভিপ্রেত বলে উল্লেখ করেন এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াত নেতা আরও বলেন, পরিবহনসংশ্লিষ্ট অসাধু চক্র সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে, যা সম্পূর্ণ অমানবিক ও অনৈতিক। এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ভ্রমণ নিশ্চিত করতে কঠোর নজরদারি জোরদার করতে হবে।