
রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে চারদিকে চারটি পথের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। বুধবার দুপুরে সেখানে সূর্যের আলো আড়াল করতে চোখের ওপর হাত দিয়ে দাঁড়িয়ে ছিলেন মো. আবদুল আলিম। তিনি ট্রাফিক পুলিশের কনস্টেবল।
আবদুল আলিমের পেছনে সিগন্যালে আটকে থাকা গাড়িগুলোর তখন যুদ্ধের দামামা বাজানোর মতো অবস্থা। একজন হর্ন দিতেই অন্যরা সংগত করলেন হর্ন বাজিয়ে। তাপমাত্রা ৩৭ ডিগ্রি দেখালেও তখন অনুভব হচ্ছে ৪০–এর মতো। আগুনমুখো রাজপথের এই লাইনের যানবাহনের চালকদের চোখে যেন তখন সবচেয়ে বড় শত্রু, বাঁশি বাজিয়ে আটকে রাখা ট্রাফিক পুলিশ সদস্য আলিম। কিন্তু ট্রাফিক পুলিশ একবারও ফিরে তাকালেন না পেছনে। নিজের জায়গা থেকে নড়লেনও না এক পা। তবে তিনি কতখানি গরম সহ্য করছেন, এর কিছুটা টের পাওয়া গেল পথে দাঁড়িয়ে তাঁর জন্য অপেক্ষা করতে করতে। ঘণ্টা পূরণ হওয়ার আগেই নিজের পোশাক ভিজে জবজবে। কিন্তু যাঁর জন্য অপেক্ষা, তিনি ওই একই তাপে ট্রাফিক পুলিশের নির্ধারিত পোশাক পরে রোজ এভাবে দায়িত্ব পালন করেন আট ঘণ্টা করে। ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্ব শেষ হওয়ার আগে সময় নিয়ে কথা বলার সুযোগ পান না বলেই এই অপেক্ষা। ততক্ষণে দায়িত্বরত সার্জেন্টের কাছ থেকেও অনুমতি নিতে হলো।
ট্রাফিক পুলিশের দায়িত্ব বণ্টিত হয় দিনের দুই ভাগে। সকাল ৬টা থেকে বেলা ২টা এক পালা। পরবর্তী পালা বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত। যানজট বেশি হলে কখনো কখনো রাত ১২টা পর্যন্ত কাজ করতে হয় তাদের। আলিম দেশের বিভিন্ন জেলায় কাজ করে বছর চারেক আগে ঢাকা ট্রাফিক পুলিশে বদলি হয়ে এসেছেন। বুধবার সকাল থেকে পান্থপথ সিগন্যালে আরও দায়িত্বে ছিলেন মো. রেজাউল করিম, অনন্ত কুমার ও মো. সাদিকুর রহমান। চার দিক থেকে আসা চারটি সড়কের জন্য চারজন কনস্টেবল। সকালে দায়িত্ব থাকলে তাঁরা নিজের বাসায় ফিরে ইফতারের সুযোগ পান। দুপুরে দায়িত্ব মানে কর্মস্থলে ইফতার। সপ্তাহে গড়ে চার দিন কর্মস্থলে ইফতার করতে হয়। কর্মস্থল মানে ট্রাফিক সিগন্যালের পাশে থাকা ছোট্ট বুথটি। সেখানে চারজন একসঙ্গে দাঁড়ানো কঠিন।
ইফতারের ব্যবস্থাপনা নিয়ে জানতে চাইলে আবদুল আলিম বললেন, কর্তৃপক্ষ ইফতারের ব্যবস্থা করে। আজান হলে দৌড়ে বুথে গিয়ে ইফতার করেন তাঁরা। শরবত, খেজুর, ছোলা, মুড়ি, কলা থাকে মূলত। তবে নিজেদের উদ্যোগে সবকিছু দিয়ে মুড়ি মাখানো হয়। এটাই বিশেষ আকর্ষণ। কিন্তু রাস্তা ফাঁকা রাখার সুযোগ নেই। ফলে দায়িত্বে থাকা চারজন কনস্টেবলের একজন একটু আগে এসে মুড়ি মাখানোর তদারকি করেন। ইফতারের জন্য আলাদা কোনো সময় নেই। তাই সহকর্মীদের মধ্যে বোঝাপড়া করে, আগেপরে এসে ইফতার শেষ করেন তাঁরা। কখনো কখনো পান্থপথে সড়কের দোকান থেকে কিনে আনেন পেঁয়াজু, বেগুনি। অনেক সময় গরিব পথচারীরা এসে দাঁড়ান তাঁদের দরজার সামনে। তখন তাঁরাও পেয়ে যান সেই মাখা মুড়ির কিছুটা।
রোজা ছাড়া অন্য সময়ের পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে আলিম জানালেন, দায়িত্বে থাকার সময় বিশেষ প্রয়োজন না হলে তাঁরা নড়তে পারেন না। আলাদা কোনো শৌচাগার নেই। প্রয়োজন হলে পান্থপথের মোড়ে একটি বেসরকারি হাসপাতালে যান।
সকালে দায়িত্ব থাকায় বুধবার খুশি ছিলেন আলিম। বাড়ি ফিরে সন্তানের সঙ্গে ইফতার করতে পারবেন। বাড়ি মানে সেই সাভার। সেখান থেকেই নিজস্ব ব্যবস্থাপনায় কর্মস্থলে এসে ভোর ছয়টায় দায়িত্ব পালন শুরু করেন। আর দেশের বাড়ি সিরাজগঞ্জে। পরিবার নিয়ে সাভারে থাকার কারণ, বাসাভাড়াটা একটু কম হয়। রাজধানীর রাজারবাগে যাঁরা থাকেন, তাঁরা পরিবহনসুবিধা পান। কিন্তু বাসাভাড়া বেশি দিতে হয়।
আবদুল আলিম প্রথম আলোর সঙ্গে কথা বলতে বলতেও এক দফা উঠে গিয়ে একটা সিগন্যাল আটকে, অন্য দুই পাশ ছেড়ে দিয়ে আবার ফিরে এলেন। বললেন, ‘দেখলেন তো আমাদের অবস্থা। কিন্তু কাজের ধরনই এ রকম। এরপরও অনেক পথচারী আমাদের ওপর রাগারাগি করেন। তখন খারাপ লাগে। সিগন্যাল পড়লে আমরা সামনে দাঁড়াই। পেছন থেকে গালি দেয়। অনেক বড় বড় স্যার গাড়ির ভেতর বসে মুখ খারাপ করেন। আমরাও বুঝি তাঁদের তাড়া আছে। কিন্তু আমাদের কী করার আছে বলেন? শুনেও না শোনার ভান করতে হয়।’
দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আলিম বললেন, ‘রিকশাচালক আর মোটরসাইকেলের চালকেরা বেশি ঝামেলা করে। যে পথে রিকশা চলবে না, সেখানেও তাঁরা রওনা হন। আর বাইকওয়ালাদের কথা কী বলব! গত বছর এক মোটরসাইকেলচালককে আটকাতে গেছি। নতুন নতুন চালানো শিখেছে। ব্যালেন্স (ভারসাম্য) রাখতে পারে নাই। তুলে দিল আমার পায়ের ওপর। আমার ডান পায়ের হাড় দুই ভাগ হয়ে গেল। পায়ের ভেতর রড ঢোকানো, স্ক্রু দিয়ে বসানো হয়েছে। চার মাস থাকলাম বিছানায়।’ সেই ইতিহাস বলতে বলতে মুঠোফোন থেকে দেখালেন, পায়ের এক্সরের ছবি।
গত দুই দিন রাজধানীতে দাবদাহের মাত্রাটা একটু একটু করে সহনশীল হচ্ছে। আলিম বললেন, ‘আসলে যে গরম, একমাত্র ওপরওয়ালা সহায় বলে রাস্তায় টিকে আছি এখনো। যেদিন ইফতার বাইরে করতে হয়, সেদিন বাসার জন্য একটু মন খারাপ হয়।’
পান্থপথ সিগন্যালে ট্রাফিক পুলিশের বুথে বসে কথা বলতে বলতে আবদুল আলিম মুঠোফোন থেকে কন্যাসন্তানের ছবি বের করলেন। সাত বছরের কন্যার নাম তানিশা আলিম রোজা। জানালেন, ঘামওয়ালা শরীরে তিনি বাড়ি ফেরেন রোজ। সারা পথের ধুলাময়লা লেপ্টে থাকে। কিন্তু ছোট্ট মেয়েটা দৌড়ে এসে জড়িয়ে ধরে বাবাকে। মেয়ের কথা বলতে বলতে আর্দ্র হয়ে উঠল তাঁর কণ্ঠ। বললেন, ‘বাড়ি ফেরার পর সন্তান যখন কোলে ওঠে, আর নামতে চায় না, তখন মনে হয় সারা দিনের ক্লান্তি উড়ে যায়। আসলে সহ্য করার ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়ে দেন আমাদের। না হলে মানুষ ট্রাফিক পুলিশের কাজ করতে পারত না। চৈতা গরম হোক বা কালবৈশাখী, আমাদের ইফতার পথেই হয় আপা।’