
ঈদের ছুটি কাটাতে অনেক মানুষ এখন পরিবার নিয়ে ঢাকার বাইরে। তাঁদের অনেকেই গেছেন গ্রামে। এখন বর্ষাকাল। বৃষ্টিও হচ্ছে। তাই নদী, খাল ও বিলে পানি বাড়ছে। বসতবাড়ির আশপাশের ডোবাগুলোও পানিতে ভরা থাকে।
দেখা গেছে, এ বর্ষার সময় দেশে শিশুমৃত্যু বেড়ে যায়। আবার উৎসব উদ্যাপনের সময় ছুটিতে পানিতে ডুবে শিশুমৃত্যু বাড়ে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। ছুটির এ সময়ে ডুবে শিশুমৃত্যু রোধে কিছু করণীয়ের কথা বলেছে গণমাধ্যম উন্নয়ন ও যোগাযোগবিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি)। প্রথম করণীয়, শিশুর দিকে খেয়াল রাখতে হবে। তাকে কখনো একা ছাড়া যাবে না। দ্বিতীয়, পারিবারিক আনন্দঘন মুহূর্তে শিশুকে কাছাকাছি রাখতে হবে। তৃতীয়, অভিভাবকদের কর্মব্যস্ততার সময়ে শিশুকে প্রাপ্তবয়স্ক কারও তত্ত্বাবধানে রাখতে হবে। চতুর্থ, শিশুকে দেখাশোনার দায়িত্ব কখনোই কোনো শিশুকে দেওয়া যাবে না। পঞ্চম, শিশুরা যাতে পানির কাছে না যেতে পারে, সে জন্য বাড়ির আশপাশের জলাশয়ের চারপাশে শক্ত বেড়া দিতে হবে। ষষ্ঠ, বাড়ির আশপাশের অপ্রয়োজনীয় ডোবা বা গর্ত ভরাট করতে হবে।
দেশে পানিতে ডুবে শিশুমৃত্যুর মর্মান্তিক ঘটনা বাড়ছে। সরকারি হিসাবেই দেখা গেছে, অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মৃত্যুর চতুর্থ প্রধান কারণ এখন পানিতে ডুবে মৃত্যু। আর গত তিন বছরে এ হার দ্বিগুণের বেশি বেড়েছে।
এপ্রিল মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকসে (২০২১) দেখা গেছে, পাঁচ বছর বয়সী শিশুদের মোট মৃত্যুর ৭ দশমিক ৪ শতাংশ হয় পানিতে ডুবে।
২০১৮ সালের স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস অনুযায়ী, দেশের পাঁচ বছর বয়সী শিশুমৃত্যুর পঞ্চম বড় কারণ ছিল পানিতে ডুবে মৃত্যু। এই বয়সী শিশুদের মোট মৃত্যুর ৩ ভাগ হতো পানিতে ডুবে। এই মৃত্যুর হার গ্রামে প্রায় ৪ শতাংশ আর শহরে ১ দশমিক ২ শতাংশ ছিল।