ধর্ষণের অভিযোগে করা মামলায় বাংলাদেশ জুজুৎসু (জাপানি মার্শাল আর্ট) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও তাঁর এক সহযোগীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম রোববার এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিথ্যা প্রলোভন ও ভয় দেখিয়ে যৌন হয়রানি এবং ধর্ষণের অভিযোগে শনিবার বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন এক নারী ক্রীড়াবিদ। সেই মামলায় রফিকুল ও তাঁর সহযোগী এক নারীকে আসামি করা হয়। পরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ মামলায় গ্রেপ্তার রফিকুল ও তাঁর সহযোগীকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেককে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
রফিকুলকে গ্রেপ্তারের পর শনিবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছিলেন, মামলার বাদী ওই নারী ক্রীড়াবিদ রফিকুলের কাছে জুজুৎসুর প্রশিক্ষণ নিতেন। প্রশিক্ষণ শেষে ওই নারী ক্রীড়াবিদ পোশাক পরিবর্তন কক্ষে যান। সেখানে তাঁকে ধর্ষণ করেন রফিকুল। রফিকুলের সহযোগী আরেক নারী ক্রীড়াবিদ সেই দৃশ্য ধারণ করেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পেরেছেন, রফিকুল জুজুৎসুর একজন প্রশিক্ষক। পাশাপাশি তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এই সংগঠনের অধিকাংশ প্রশিক্ষণার্থী নারী। তাঁদের ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করতেন রফিকুল।