
চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মাওলানা ইয়াহইয়ার ছেলে মাওলানা মোহাম্মদ জুনাইদ আজ বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁর বাবা ডায়াবেটিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। বেশি অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার দুপুরে তাঁকে হাসাপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর মাওলানা ইয়াহইয়া দায়িত্ব গ্রহণ করেন। এর আগে দীর্ঘদিন হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক ছিলেন। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হলে মাদ্রাসার প্রধান মুফতি আবদুস সালামকে প্রধান করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল।
২০২১ সালের ৮ সেপ্টেম্বর আবদুস সালামকে মহাপরিচালক ও ইয়াহইয়াকে সহকারী পরিচালক ঘোষণার পরপরই আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন বৈঠকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুফতি আবদুস সালামের জানাজার পরপরই ইয়াহইয়াকে মহাপরিচালক ঘোষণা করা হয়।